চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫
সুনামগঞ্জ, মৌলভীবাজারের জুড়ী, বরিশালের গৌরনদী ও নড়াইলে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:সুনামগঞ্জ: গতকাল রোববার সুনামগঞ্জ-সিলেট সড়কের দক্ষিণ সুনামগঞ্জের বড়কাপন এলাকায় রাস্তা পার হওয়ার সময় জফির উদ্দিনকে (৭০)একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। জুড়ী (মৌলভীবাজার): বড়লেখার দাসেরবাজার ইউনিয়নের পশ্চিম সুড়িকান্দি গ্রামের আপ্তাব আলী (৭০) গতকাল রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছেন।গৌরনদী (বরিশাল): মাদারীপুর যাওয়ার পথে একটি পিকআপ গতকাল ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর কটকস্থল এলাকায় গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে পিকআপের যাত্রী ঝন্টু লাল মণ্ডল (২৫) মারা যান। নড়াইল: লোহাগড়ার লাহুড়িয়া গ্রামের মুজাহিদুর রহমান গত শুক্রবার কাশিপুর স্কুলমাঠে মাইক্রোবাস চালানো শিখছিলেন। এ সময় তাঁর মেয়ে মুন (৪) দৌড়ে আসলে গাড়ির নিচে চাপা পড়ে নিহত হয়। অপরদিকে নড়াইল পৌরসভার দুর্গাপুরের গৃহবধূ স্বর্ণালতা (৪০) যশোর যাওয়ার পথে নছিমন উল্টে প্রাণ হারিয়েছেন।