হবিগঞ্জে ব্র্যাক স্কুলের পানি পান করে অসুস্থ হয়ে পড়া সেই ১৭ শিক্ষার্থী সোমবার বাড়ি ফিরেছে। চিকিৎসকেরা জানান, তারা যত না অসুস্থ তার চেয়ে মানসিকভাবে বেশি অসুস্থ হয়ে পড়েছে। হবিগঞ্জ জেলা হাসপাতাল সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে জেলার চুনারুঘাট উপজেলার বরহোমপুর গ্রামে ব্র্যাকের প্রাক-প্রাথমিক স্কুলের এক ছাত্র স্থানীয় একটি টিউবওয়েল থেকে পানি এনে নিজে পান করে এবং আরও কয়েকজনকে পান করায়। এর পর থেকেই শিক্ষার্থীরা কেউ পেটে ব্যথা, কেউ বমি অনুভব করে। স্কুল ছুটির পর শিক্ষার্থীরা যার যার বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই রাতে তাদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। শিক্ষার্থীরা হলো: পপি (৮), দিলারা (৫), হূদয় (৯), এনাম (৭), লাকী (৮), জুনায়েদ (১০), শিরিন (৮), শামীম (৯), তানিয়া (৮), ইয়াসিন (১০), মাসুমা (১০), শাকিল (১০), রিপন (৯), তানিয়া (১০), মিতু (৮) ও শাকিব (৭)। বরহোমপুর গ্রামের অভিভাবক আফরোজ মিয়া জানান, পানি পানের পর থেকে শিক্ষার্থীরা একে একে অসুস্থ বোধ করে। ব্র্যাক শিক্ষা কর্মসূচির চুনারুঘাট এরিয়া ব্যবস্থাপক জালাল উদ্দিন প্রথম আলোকে জানান, ‘এই টিউবওয়েল থেকে গ্রামের সবাই পানি পান করে আসছে। কিন্তু ওই দিনের ঘটনায় আমাদের ভয় পাইয়ে দেয়।’ হবিগঞ্জ আধুনিক হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ আবু সুফিয়ান জানান, শিশুদের মধ্যে বিষক্রিয়াজাত কিছু পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তারা একে অপরের অবস্থা দেখে ভীত হয়ে পড়েছে। আবাসিক মেডিকেল অফিসার দেলোয়ার হোসেন চৌধুরী জানান, শিশুদের সবাই সুস্থ হয়ে গতকাল সোমবার বাড়ি ফিরে গেছে।