চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় গত শনিবার সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা, কিশোরগঞ্জের তাড়াইলে দুই ব্যক্তি ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া গতকাল রোববার টাঙ্গাইলের মির্জাপুরে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
ধরমপাশা (সুনামগঞ্জ): শনিবার বেলা আড়াইটার দিকে নেত্রকোনার মোহনগঞ্জের আজমপুর গ্রামের আমিরুল ইসলাম (৬৫) ও তাঁর ভাতিজা মোকাম্মেল হক (৩২) মোটরসাইকেলে করে বাড়ি থেকে ধরমপাশার কান্দাপাড়া যাচ্ছিলেন। পথে ধরমপাশার হুলাসখালী গ্রামের সামনে ধানবোঝাই ইঞ্জিনচালিত একটি ট্রলিকে পাশ কাটতে গিয়ে তাঁদের মোটরসাইকেলটি উল্টে যায়। এ সময় ওই দুজন ট্রলির ধাক্কায় আহত হন। পরে স্থানীয় লোকজন আমিরুলকে ধরমপাশা ও মোকাম্মেলকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই দিন সন্ধ্যায় রাজাপুর বাজার থেকে ট্রলিচালক ওমর ফারুককে (২৮) আটক করেছে পুলিশ।
ধরমপাশা থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তাড়াইল (কিশোরগঞ্জ): তাড়াইল-নান্দাইল সড়কের তাড়াইলের শিমুলাটি-শামুকজানি বাজারের কাছে গত শনিবার বিকেলে আলুবাহী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকের চালক আরিফ মিয়া (৩৫) ও পাঁচ যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতে খোকন মিয়া (৫২) ও অখিল চন্দ্র পাল (৫৪) মারা যান। অখিল তাড়াইলের চিকনী গ্রামের বাসিন্দা ও খোকন নেত্রকোনার কেন্দুয়ার খালিজুড়া গ্রামের বাসিন্দা।
মির্জাপুর (টাঙ্গাইল): গতকাল বিকেল চারটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের কদিমধল্যা গ্রামে পাকুল্যাগামী মাটিবোঝাই একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক বাহাস শেখ নিহত ও চার যাত্রী আহত হন। বাহাসের বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গাতান্দি গ্রামে। আহত ব্যক্তিদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া): বাঞ্ছারামপুর সদর থেকে রড বোঝাই করে একটি নছিমন ফরদাবাদ যাওয়ার পথে শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাঞ্ছারামপুর-মুরাদনগর সড়কের রূপসদী সাহেব বাড়ির পূর্ব পাশে খাদে পড়ে উল্টে যায়। এ সময় নছিমনে থাকা মোহাম্মদ হোসেন (৬০) ও চালক বাবুল মিয়া (২২) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ হোসেনকে মৃত ঘোষণা করেন। বাবুলকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মোহাম্মদ হোসেনের বাড়ি উপজেলার আছাদনগর গ্রামে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব জানান, এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।