চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাতজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ সোমবার সাতক্ষীরা, নীলফামারী, গাজীপুর ও কক্সবাজারে এসব হতাহতের ঘটনা ঘটে। এ নিয়ে গত ৯৩ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত মানুষের সংখ্যা দাঁড়াল অন্তত ৮০২। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

সাতক্ষীরা: পৃথক সড়ক দুর্ঘটনায় একজন স্বাস্থ্য পরিদর্শকসহ দুজন নিহত ও একজন পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের সাতক্ষীরার তালা উপজেলার ভৈরবনগর এলাকায় ও শ্যামনগর উপজেলার বংশীপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন মো. নাজিমউদ্দিন ফকির (৫২) ও এনসান আলী গাজী (৫৫)। নাজিমউদ্দিন ফকির সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার বাসিন্দা এবং উপজেলার নগরঘাটা ইউপির সহকারী স্বাস্থ্য পরিদর্শক ছিলেন। এনসান আলী গাজীর বাড়ি শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামে। তিনি চিংড়ি ব্যবসায়ী ছিলেন। আহত পুলিশ কনস্টেবলের নাম মনিরুজ্জামান (৩০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা এবং খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, সাতক্ষীরা-খুলনা সড়ক দিয়ে পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান মোটরসাইকেলে সাতক্ষীরা থেকে খুলনার দিকে যাচ্ছিলেন। এ সময় সহকারী স্বাস্থ্য পরিদর্শক গ্রামের মধ্য থেকে এসে সাতক্ষীরা-খুলনা সড়কে ওঠার সময় সরাসরি পুলিশ কনস্টেবলের মোটরসাইকেলে ধাক্কা খান। এতে দুজন দুই দিকে ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইকবাল মাহমুদ নাজিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। তালা উপজেলার পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত কনস্টেবল মনিরুজ্জামানকে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান শোকর আলী জানান, এনসান আলী গাজী ভাড়ায়চালিত মোটরসাইকেলে যাওয়ার সময় বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি রাস্তার ওপরে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মালিহা খানম তাঁকে মৃত ঘোষণা করেন। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, এনসান আলী গাজীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, গত শুক্রবার মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন হাকিমউদ্দিন (৬৫) আজ সোমবার মারা গেছেন। সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত হাকিমউদ্দিনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নীলফামারী: সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী পরিবার পরিকল্পনা বিভাগের দুই কর্মী নিহত হয়েছেন। তাঁরা হলেন ডিমলা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আইনুল হক (৪০) ও ডিমলা সদর ইউনিয়নের রামডাঙ্গা পরিবারকল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা আনোয়ারুল হক (৪৫)। সোমবার বিকেল পাঁচটার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের চড়াইখোলা ইউনিয়নের কুচিয়ার মোড় এলাকায় মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে একটি বালুবাহী ট্রাক ধাক্কা দেয়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তাঁরা মারা যান বলে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার জানান।

গাজীপুর: জেলার শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রাইভেট কারের চাপায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু সজুফা (৯) নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার লাল চানের মেয়ে। সোমবার বিকেল চারটার দিকে মহাসড়কের শিরিরচালা এলাকার পুষ্পদাম রিসোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন জানান, মা-বাবার সঙ্গে রাস্তা পার হওয়ার সময় গাড়িটি শিশুকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুর মৃত্যু হয়। ভিডিও ফুটেজ দেখে গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজার: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ছগিরশাহ কাটা এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর এক ভাগনি। আজ সোমবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওমর হানিফ চৌধুরী (৪৫) পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের আন্নর আলী মাতব্বর পাড়ার শামশুল আলম চৌধুরীর ছেলে। আহত ব্যক্তির নাম তানিমা আকতার (১৬)। মালুমঘাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সেলিম উদ্দিন বলেন, তানিমাকে মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। মাইক্রোবাসটি আটক করা হয়েছে।