চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭
নীলফামারীর সৈয়দপুর, চুয়াডাঙ্গার দামুড়হুদায় গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া গাজীপুর, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত শনিবার সড়ক দুর্ঘটনায় আরও দুজন নিহত হন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাইপাস সড়কের গোলাহাট সরকারপাড়া এলাকায় একটি বাস খাদে পড়ে গেলে চারজন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। গতকাল বেলা দেড়টার দিকে বিআরটিসির ওই বাসটি চাকা ফেটে পাশের খাদে পড়ে যায়। নিহত ব্যক্তিরা হলেন আমেন খাতুন (৩৮) ও তাঁর মেয়ে রূপালী (২২), নোমান (২০) ও টুলু মাহমুদ (৫৫)। প্রত্যক্ষদর্শী শামসুল আলম জানান, বাসটি সরকারপাড়ায় পৌঁছানোর পর এর সামনের চাকা ফেটে যায়। মুহূর্তে এটি পাশের খাদে উল্টে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত ব্যক্তিদের সৈয়দপুর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়লগাছি বাজার এলাকায় গতকাল সকাল আটটার দিকে ট্রাকের ধাক্কায় জাহিমা খাতুন (২৩) নামের এক মানসিক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। তিনি কুড়লগাছি গ্রামের আবু হানিফের মেয়ে। পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকায় গত শনিবার দুপুর দুইটার দিকে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তরিকুল (২৮) মোটরসাইকেলে করে ভজনপুর যাচ্ছিলেন। এ সময় একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তরিকুল নিহত হন। শ্রীপুর (গাজীপুর): ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে বাস-ট্রাকের সংঘর্ষে অজ্ঞাতনামা এক বাসযাত্রী (৩০) নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির পরনে কালো প্যান্ট এবং ছাপা শার্ট ছিল। পুলিশ বলেছে, নিহত ব্যক্তির আসনের পাশে পাওয়া ব্যাগের কভারে লেখা ছিল জহিরুল ইসলাম, ফুলপুর, ময়মনসিংহ।ট্রেনে কাটা পড়ে দুজন নিহতশ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের টঙ্গী রেল জংশন এলাকায় গতকাল সকাল সাড়ে আটটার দিকে ট্রেনলাইন পার হওয়ার সময় ঢাকাগামী ধূমকেতু আন্তনগর ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবক (৩৯) ঘটনাস্থলেই নিহত হন। তাঁর পরনে লুঙ্গি ও চেক শার্ট ছিল।