চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮
কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী ও সাতক্ষীরায় গত তিন দিনে সড়ক দুর্ঘটনায় এক নারী, এক শিশুসহ আটজন নিহত হয়েছে।নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:দেবীদ্বার (কুমিল্লা): প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চান্দিনা উপজেলায় গতকাল শনিবার সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও পাঁচজন।নিহত ব্যক্তিরা হলেন দেবীদ্বার উপজেলার প্রেমু গ্রামের আলমগীর হোসেনের মেয়ে শামীমা আক্তার (২), বুড়িচং উপজেলার কোরপাই গ্রামের জহিরুল ইসলাম (৪০) ও অজ্ঞাত পরিচয়ের ৬০ বছর বয়সী এক বৃদ্ধ।ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আনোয়ার জানান, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে।বরিশাল: প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার কাশিপুরের শহীদ আবদুর রব সেরনিয়াবাত শিক্ষক প্রশিক্ষণকেন্দ্রের সামনে গত শুক্রবার সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। তাঁরা হলেন নাহিদ শরীফ (১৮) ও মো. রবিন খান (১৭)।নিহত ব্যক্তিরা বরিশালের গড়িয়ার পাড় এলাকা থেকে ওই দিন মেয়র নাইট উপভোগ করতে টমটম নিয়ে বঙ্গবন্ধু উদ্যানের উদ্দেশে রওনা হন। পরে ওই স্থানে পৌঁছালে ঢাকাগামী একটি বাস তাঁদের টমটমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাহিদ শরীফ নিহত হন। আহত রবিনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী কাশিপুর এলাকায় ঘণ্টাব্যাপী ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পটুয়াখালী: প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার শরিফবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেল ও বাসের সংঘর্ষে আহত দুজন মারা গেছেন। শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। তাঁরা হলেন মোটরসাইকেলের আরোহী মো. রাসেল (১৭) ও বনি আমিন (১৮)। তাঁদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত নয়টায় রাসেল এবং গতকাল ভোরে বনি আমিন মারা যান।সাতক্ষীরা: জেলার কলারোয়া উপজেলার নীলকণ্ঠপুর গ্রামে গত বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। মোটরসাইকেলে করে রওশন আলী খান তাঁর স্ত্রী জাহানারা খাতুনকে (৩০) নিয়ে ওইদিন রাতে বাড়িতে ফেরার পথে ওই এলাকায় একটি গর্তে পড়ে যান। এতে ঘটনাস্থলেই জাহানারা মারা যান।