চার জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৫ জনের
দেশের চার জেলায় আজ বৃহস্পতিবার ও গতকাল বুধবার রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় তিন শিশুসহ মা-বাবা ও অটোরিকশার চালক, কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুজন, ফেনীতে চারজন ও মাদারীপুরের কালকিনি উপজেলায় চারজন নিহত হয়েছেন।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী ও চালক নিহত হয়েছেন। আজ বিকেল পৌনে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় দুই শিশু, তাদের বাবা-মা এবং অটোরিকশার চালক নিহত হন। নিহতরা হলেন, শাহজাহান মিয়া (৩৫), তাঁর স্ত্রী রোশেনা বেগম (৩০), ছেলে আশরাফুল মিয়া (৮), মেয়ে স্বপ্না বেগম (৭), রত্না বেগম (৫) ও অটোরিকশার চালক হাশেম মিয়া (৩৮)। তাঁরা সবাই সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বছিউড়া গ্রামের বাসিন্দা। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
ভৈরব
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বরখারচর গ্রামের রেলগেইট এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকাগামী আন্তনগর এগারসিন্ধুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় টমটম গাড়ির চালকসহ দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন, টমটমের চালক মুর্শেদ মিয়া (২৩) এবং আরোহী সুনাম উদ্দিন (৫৫)। মুর্শিদ মিয়ার বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ গ্রামে। সুনাম উদ্দিন একই জেলার বাজিতপুর উপজেলার সরারচর গ্রামের বাসিন্দা। ভৈরব রেলওয়ে থানার উপপরিদর্শক (এএসআই) শুকলাল রায় জানান, এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ফেনী
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস এলাকায় আজ বিকেলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। নিহত ও আহত সবাই অটোরিকশার যাত্রী। তাঁদের পরিচয় জানা যায়নি।
ফেনীর মহীপাল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর ফেনী-সোনাগাজী সড়কের সোনাগাজী পৌরসভার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে ট্রাকের চাপায় মাহির আহম্মদ (৮) নামের এক শিশু নিহত হয়েছে।
কালকিনি (মাদারীপুর)
মাদারীপুরের মস্তফাপুর মিল গেট এলাকায় গতকাল বুধবার রাতে বাসের ধাক্কায় নছিমনের চালকসহ চারজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন মস্তফাপুর স্পিনিং মিলের নারী শ্রমিক। নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার ঘটকচর গ্রামের নছিমনচালক শিপন হাওলাদার (২৫), কেন্দুয়ার কাউয়াকুড়ি গ্রামের চম্পা আক্তার (২২), দত্ত কেন্দুয়া গ্রামের হ্যাপী আক্তার (১৮) ও কালকিনি উপজেলার শশিকর গ্রামের শেফালী রানী (১৮)। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।