চার জেলায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ সাতজন নিহত
বগুড়ার শেরপুর, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, কিশোরগঞ্জের কটিয়াদী ও কুমিল্লার বুড়িচং উপজেলায় গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ সাতজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলার দেবপুর বাজারে গতকাল বুধবার একটি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশার চালক দেবীদ্বার উপজেলার ওয়াহেদপুর গ্রামের খায়রুল হোসেন (২৬) এবং যাত্রী বুড়িচং উপজেলার রামপুর গ্রামের সিরাজুল ইসলাম (২২) ও এক অজ্ঞাতনামা ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে।শেরপুর (বগুড়া): ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার একটি ট্রাকের চাপায় আজাহার আলী (৫৫) নামের একজন নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার মাগুরগাড়ী গ্রামে। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কের আলমডাঙ্গা উপজেলার জেহালা কৃষ্ণপুর এলাকায় গতকাল বুধবার শ্যালো ইঞ্জিনচালিত অটোভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী হাসিবুল মোল্লা (৪৫) নিহত ও তাঁর ভাই শহিদুল মোল্লা (৩০) আহত হয়েছেন। তাঁদের বাড়ি আলমডাঙ্গা উপজেলার আনন্দবাস গ্রামে। কটিয়াদী (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কটিয়াদী-মঠখোলা সড়কের শরিফপুর এলাকায় মঙ্গলবার একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী কটিয়াদী বাজারের ব্যবসায়ী মাহমুদুজ্জামান ওরফে মেনু (৪৮) ও তাঁর চাচাতো ভাই সুন্দর আলী (৫০) নিহত হয়েছেন। তাঁদের বাড়ি কটিয়াদী উপজেলার বৈরাগীরচর গ্রামে।