চার জেলায় সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ৪
দিনাজপুরের ফুলবাড়ী, পিরোজপুর, কুমিল্লার দাউদকান্দি ও কিশোরগঞ্জে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষকসহ চারজন নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুর-ফুলবাড়ী সড়কের আমবাড়ীর দৌলতপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী শিবপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক আবদুল কাইয়ুম (৪০) নিহত হন। তাঁর বাড়ি পার্বতীপুর উপজেলার মরনাই গ্রামে। ঘটনার পর স্থানীয় জনতা দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে এবং স্থানীয় জনতা অবরোধ তুলে নেয়। পিরোজপুর: পিরোজপুর-ভান্ডারিয়া সড়কের পিরোজপুর শহরতলীর ভাইজোড়া এলাকায় বুধবার রাতে একটি যাত্রীবাহী বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পোর যাত্রী সদর উপজেলার বাইনখালী এলাকার আ. রশিদ (৫০) নিহত হন। এই সময় টেম্পোর আরও নয়জন যাত্রী আহত হয়। দাউদকান্দি (কুমিল্লা): ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার গাজীপুর এলাকায় বুধবার একটি বাসের সঙ্গে একটি লরির সংঘর্ষ হয়। এতে বাসের যাত্রী চাঁদপুরের মতলব উপজেলার মোবারকবাদ গ্রামের জয়নব বেগম (৪৪) নিহত এবং আরও চারজন আহত হয়। আহত ব্যক্তিদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় দাউদকান্দি থানায় মামলা হয়েছে ।কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ-করগাঁও সড়কের কিশোরগঞ্জ সদরের যশোদল এলাকায় গতকাল বৃহস্পতিবার একটি বালুবাহী ট্রাক্টরের চাপায় আকলিমা (৫) নামের এক শিশু নিহত হয়েছে। আকলিমা সদর উপজেলা কুটকাইল গ্রামের জিল্লুর রহমানের মেয়ে।