চার জেলায় হরতাল আজ
জয়পুরহাট, সাতক্ষীরা ও লক্ষ্মীপুরে আজ মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত। নোয়াখালীতে একই দিনে হরতাল ডেকেছে ১৮-দলীয় জোট।
সংগঠন সূত্রে জানা গেছে, জয়পুরহাটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে জামায়াত-শিবিরের তিন কর্মী নিহত হওয়ার ঘটনায় এ হরতাল ডাকা হয়েছে। সদর উপজেলা জামায়াতের আমির মামুনূর রশীদ মুঠোফোনে হরতাল আহ্বানের বিষয়টি নিশ্চিত করেন।
লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ফয়েজ আহমেদ নিহত হওয়ার ঘটনায় আজ সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ আর হাফিজ উল্যা এক বিজ্ঞপ্তিতে হরতাল আহ্বানের বিষয়টি নিশ্চিত করেন।
যৌথ বাহিনীর অভিযানের প্রতিবাদে সাতক্ষীরাতেও আজ সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত। জেলা জামায়াতের সেক্রেটারি নুরুল হুদা এক বিবৃতিতে জানান, সাতানি ও শিয়ালডাঙ্গায় জামায়াতের দুই কর্মী খুন এবং জেলা জামায়াতের আমির আবদুল খালেকের বাড়িসহ নিরীহ মানুষের বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়। নোয়াখালীতে কয়েক দিনের সহিংস ঘটনায় জামায়াত-শিবির ও যুবদলের নয়জন কর্মী নিহত হওয়ার প্রতিবাদে আজ সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে ১৮-দলীয় জোট। জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান হরতাল আহ্বানের বিষয়টি নিশ্চিত করেছেন।