চার জেলায় হরতাল পালন গুলিবিদ্ধ ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধের পাশাপাশি গতকাল বুধবার সিলেট, রংপুর, পাবনা ও নোয়াখালী জেলায় এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।
কমর্সূচি চলাকালে সিলেটে অন্তত ১১টি যানবাহন ভাঙচুর করা হয়। হরতালের আগের রাতে রংপুরের মিঠাপুকুর উপজেলায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় নারী ও শিশুসহ চারজন নিহত হয়। একই রাতে পাবনায় একটি বাসে অগ্নিসংযোগ করা হলেও এতে কেউ আহত হয়নি। রামগঞ্জে ভাঙচুর করা হয় সিএনজিচালিত চারটি অটোরিকশা। নোয়াখালীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে এবং স্থানীয় নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এই হরতাল আহ্বান করা হয়েছিল।
সিলেট: সিলেটে গতকাল ছাত্রদল ও শিবিরের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে দুপুর ১২টা পর্যন্ত নগরের দোকানপাট তেমন খোলেনি। যানবাহন চলাচলও ছিল কম। হরতাল-সমর্থকেরা তিনটি ট্রাক ও আটটি সিএনজিচালিতে অটোরিকশা ভাঙচুর করে। সকাল আটটার দিকে শাহজালাল উপশহরে, ১০টার দিকে সোবহানি ঘাটে ও বেলা আড়াইটার দিকে মদিনা মার্কেট এলাকায় ভাঙচুরের এসব ঘটনা ঘটে। পৃথক স্থান থেকে ছাত্রদলের চার কর্মীকে আটক করেছে পুলিশ।
রংপুর: মিঠাপুকুর উপজেলায় মঙ্গলবার রাতে যাত্রীবাহী বাসে অবরোধ সমর্থকদের পেট্রলবোমায় শিশু ও দুই নারীসহ চারজনের করুণ মৃত্যু হয়েছে। এ ছাড়া অগ্নিদগ্ধ চারজনের অবস্থা গুরুতর। শহরের বিপণিবিতানগুলো সন্ধ্যা পর্যন্ত বন্ধ ছিল। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ছিল। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই হরতাল কর্মসূচির ডাক দিয়েছিল।
পাবনা: গতকাল সকাল সাড়ে সাতটার দিকে হরতালের সমর্থনে শিবিরের একদল নেতা-কর্মী পাবনা-ঢাকা মহাসড়কের মহেন্দ্রপুরে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। দূরপাল্লার বাস-ট্রাক চলাচল বন্ধ ছিল।
তবে মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা একটি বাসে আগুন দেয়। অন্যদিকে অন্য একদল দুর্বৃত্তের গুলিতে সাতজন আহত হয়। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে এবং শহরের বাংলাদেশ ঈদগাহ মাঠ এলাকায় এই দুটি ঘটনা ঘটে।
নোয়াখালী: জেলা সদরের জজকোর্ট রোডে সকাল ১০টার দিকে এবং চাটখিল উপজেলা সদরে দুপুর ১২টার দিকে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল হয়। এ ছাড়া পিকেটিং কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দোকানপাট খোলা ছিল।
তবে হরতাল ও অবরোধ চলাকালে গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি, জামায়াত ও সহযোগী সংগঠনের ২৩ জন কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ।
লক্ষ্মীপুর (রামগঞ্জ): রামগঞ্জ উপজেলার কাটাখালী, সমিতির বাজার ও পানপাড়া এলাকায় গতকাল দুপুরে হরতাল-সমর্থকেরা সিএনজিচালিত চারটি অটোরিকশা ভাঙচুর করে। এ ছাড়া অন্য কোথাও পিকেটিংয়ের খবর মেলেনি। গত মঙ্গলবার বিএনপির মিছিলে ছাত্রলীগের কর্মী-সমর্থকদের হামলার প্রতিবাদে উপজেলা বিএনপি হরতাল কর্মসূচি দিয়েছিল। ওই হামলা বিএনপির অন্তত সাত কর্মী আহত হন।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, সিলেট ও রংপুর, নোয়াখালী ও পাবনা অফিস এবং রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি}