চার জেলায় হরতালে সংঘর্ষ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিক্ষিপ্ত সংঘর্ষ এবং গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর ও চট্টগ্রামে পালিত হয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের হরতাল কর্মসূচি। গত সোমবার জোটের ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনের কর্মসূচিতে বাধা, হামলা ও সংঘর্ষে কয়েকজন কর্মী নিহত হওয়া এবং নেতা-কর্মীদের গ্রেপ্তারের ঘটনার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়।
চাঁপাইনবাবগঞ্জ: সকালে হরতালের সমর্থনে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তির মোড়ে পিকেটিং করা হয়। এ সময় কয়েকটি অটোরিকশা ভাঙচুর করেন হরতাল-সমর্থকেরা। এ ছাড়া সড়কে আগুন জ্বালিয়ে ও ইট ফেলে অবরোধ সৃষ্টি করেন তাঁরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কে শিবগঞ্জের কানসাট মুসলিমপুর নামক স্থানে দুটি ট্রাকে আগুন দেন হরতাল-সমর্থকেরা। এতে একটি ট্রাক পুরোপুরি এবং আরেকটি আংশিক পুড়ে গেছে। একই সড়কে রাস্তার পাশের গাছ কেটে ফেলেও সড়ক অবরোধ করেন হরতাল-সমর্থকেরা।
এদিকে কানসাটে সোমবার পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ওই দিন রাতেই বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে তিনটি মামলা করেছে পুলিশ। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন বলেন, মামলায় দুই থেকে তিন হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
সোমবার বিকেলে ওই সংঘর্ষের ঘটনায় জমসেদ আলী নামে বিএনপির এক কর্মী নিহত হয়েছিলেন। পুলিশ জানায়, সংঘর্ষের পর চার উপজেলায় পুলিশের অভিযানে আটক করা হয়েছে বিএনপি-জামায়াতের ২৫ কর্মীকে।
নাটোর: তেবাড়িয়া মোড়ে সোমবার গুলিবিদ্ধ হয়ে বিএনপির দুই কর্মী রাকিব মুন্সি ও রায়হান আলী নিহত হওয়ার প্রতিবাদে গতকাল ডাকা হরতাল পালিত হয়েছে ঢিলেঢালাভাবে। হরতালে নাটোর শহরে বিএনপির নেতা-কর্মীদের দেখা না মিললেও জেলা আওয়ামী লীগের উদ্যোগে মিছিল হয়েছে। মিছিলে স্থানীয় সাংসদ শফিকুল ইসলাম নেতৃত্ব দেন।
রাজশাহী: পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, নগরের সপুরা এলাকায় পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে তাদের দুই সদস্যকে পিটিয়ে গুরুতর জখম করেছেন শিবিরের কর্মীরা। এ সময় তাঁদের ইটপাটকেলে আহত হন পুলিশের আরও দুই সদস্য। তবে এ দাবি নাকচ করে দিয়েছে ছাত্রশিবির।
এদিকে সন্ধ্যায় নগরের হেতেম খাঁ এলাকায় হরতাল-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গাড়ির ওপর একটি ককটেল ছুড়ে মেরেছেন হরতাল–সমর্থকেরা।
এর আগের দিন রাত সাড়ে ১২টার দিকে শ্যামপুর এলাকায় সারবাহী একটি ট্রাক ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তবে চালক অক্ষত বেরিয়ে আসতে সক্ষম হন। ট্রাকটি নগরবাড়ী এলাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল।
চট্টগ্রাম: জেলায় নিরুত্তাপভাবে হরতাল পালিত হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সড়কে কোনো পিকেটারের দেখাও মেলেনি। সোমবারের কর্মসূচিতে হামলা, পুলিশের সঙ্গে সংঘর্ষ ও নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এ হরতাল ডেকেছিল।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন: নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও চাঁপাইনবাবগঞ্জ; রাজশাহী ও চট্টগ্রাম অফিস এবং নাটোর প্রতিনিধি}