চার জেলায় হামলা ভাঙচুর অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে।টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মঙ্গলবার রাতে সাব-স্টেশনে হামলা চালিয়ে একজন বিদ্যুৎ-কর্মীকে পিটিয়ে আহত করেছে বিক্ষুব্ধ গ্রামবাসী। একই দিন রাতে গাইবান্ধার সাদুল্যাপুর এবং মাদারীপুরের রাজৈর উপজেলায় এলাকাবাসী পল্লী বিদ্যুতের কার্যালয়ে ভাঙচুর চালায়। প্রথম আলো প্রতিনিধিদের পাঠানো খবর:সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): পুলিশ ও অবরোধে অংশ নেওয়া লোকজন জানান, ১০-১২ দিন ধরে পল্লী বিদ্যুতের আওতাধীন সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা গ্রামে ঘন ঘন লোডশেডিং চলছিল। গ্রামবাসী বিষয়টি কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। একপর্যায়ে অতিষ্ঠ গ্রামবাসী বাধ্য হয়ে গতকাল বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। প্রায় এক ঘণ্টার পর স্থানীয় প্রশাসন ও পল্লী বিদ্যুতের কর্মকর্তারা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।সখীপুর (টাঙ্গাইল): প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সখীপুর উপজেলার সিলিমপুর গ্রামের মুসল্লিরা মঙ্গলবার রাতে তারাবির নামাজের পর গড়গোবিন্দপুরে অবস্থিত সাব-স্টেশনে হামলা চালান। এ সময় তাঁরা ওই স্টেশনে কর্মরত বিদ্যুৎ-কর্মী হাবিবুল্লাহকে (৪৭) পিটিয়ে আহত করেন। তাঁকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।গতকাল সন্ধ্যায় সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, এ ঘটনায় সখীপুর আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী নাজিম উদ্দিন বাদী হয়ে ওই গ্রামের অজ্ঞাত ২৫ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। ওই গ্রামের একাধিক মুসল্লি নাম প্রকাশ না করার শর্তে জানান, তারাবির নামাজের সময় বিদ্যুৎ না থাকা এবং ঘন ঘন লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ মুসল্লিরা সংঘবদ্ধ হয়ে এ হামলা চালান।গাইবান্ধা: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে তারাবির নামাজ শেষে এলাকাবাসী সাদুল্যাপুর উপজেলা পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় তারা কার্যালয়ের জানালা-দরজা ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।উপজেলা শহরের ব্যবসায়ী আবদুল কুদ্দুস জানান, এখানে দৈনিক সাত-আট ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকে না।সাদুল্যাপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন রেজা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। সাদুল্যাপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মাসুম আহমেদ জানান, পিডিবি থেকে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না পাওয়ার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।মাদারীপুর: প্রত্যক্ষদর্শী ও পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্রে জানা গেছে, ঘন ঘন লোডশেডিং বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মঙ্গলবার রাতে জেলার রাজৈর উপজেলার টেকেরহাটে ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ করে রাখে স্থানীয় জনতা। এ সময় জনগণ টেকেরহাট পল্লী বিদ্যুতের কার্যালয়েও ভাঙচুর চালায়। প্রায় এক ঘণ্টা পর রাজৈর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয়। টেকেরহাট পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় বিদ্যুতের মোট চাহিদা ১০ মেগাওয়াট, অথচ বিদ্যুৎ দেওয়া হয় মাত্র সাত মেগাওয়াট।