চার জেলায় ১২ শ্রেষ্ঠ মৎস্যচাষি পুরস্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে গতকাল সোমবার চার জেলায় জাতীয় মৎস্য সপ্তাহ শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে চলতি বছর মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় ১২ জন মৎস্যচাষি এবং একটি সমিতিকে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়েছে।

প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:

সিরাজগঞ্জ: গতকাল সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ সামসুদ্দীন সম্মেলন কক্ষে অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ হাবিবে মিল্লাত।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দীন, জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা কামাল প্রমুখ। পরে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় রায়গঞ্জ উপজেলার শহিদুল ইসলাম, চৌহালী উপজেলার শহিদুল আলম, সদর উপজেলার সালুয়াভিটা সমাজভিত্তিক মৎস্য চাষি সমিতি ও মাইনুল ইসলামকে পুরস্কৃত করা হয়।

ঈশ্বরদী (পাবনা): গতকাল দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার শ্রেষ্ঠ তিন মৎস্যচাষিকে পুরস্কৃত করা হয়। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ। স্বাগত বক্তব্য দেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া। তিনজন মৎসচাষি হলেন নাছিম প্রামাণিক, সেলিম রেজা ও আমজাদ প্রামাণিক। প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান বিজয়ী মৎস্যচাষিদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।

বাগমারা(রাজশাহী): বাগমারা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা এলিজা খাতুন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম। চলতি বছর সেরা মৎস্যচাষি নির্বাচিত হয়েছেন মামুনুর রশিদ, শাহরিয়ার আলম ও নুকুল কুমার হাওলাদার।

আদমদীঘি(বগুড়া): আদমদীঘি উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও মূল্যায়ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইউএনও রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মহিত তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আহম্মদ, জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান। পরে এই মৌসুমে উপজেলার শ্রেষ্ঠ রেণু উৎপাদনকারী হিসেবে মাতৃছায়া হ্যাচারির স্বত্বাধিকারী বিশ্বজিৎ কুমার সরকার, শ্রেষ্ঠ পোনা উৎপাদনকারী হুমায়ন কবির এবং শ্রেষ্ঠ নার্সারি মৎস্য ব্যবসায়ী মাসুদ রানাকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট দেওয়া হয়।