চার জেলায় ৪ জন খুন
জামালপুরের মেলান্দহ উপজেলায় ছেলের হাতে মা খুন হয়েছেন। কুমিল্লা শহরের পশ্চিম বিষ্ণুপুরে প্রতিবেশীর হাতে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। এ ছাড়া টাঙ্গাইলের সখীপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। কুলাউড়ায় উদ্ধার করা হয়েছে অজ্ঞাতপরিচয়ের এক নারীর লাশ। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: জামালপুর: পারিবারিক সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের চর মল্লিকপুর গ্রামের আবদুল হক মণ্ডলের ছেলে জুয়েল মণ্ডল (৩০) দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। আত্মীয় ও প্রতিবেশীদের ওপর হামলার কারণে তাঁকে শিকল পরিয়ে রাখা হয়। কিন্তু গত মঙ্গলবার সন্ধ্যায় জুয়েল শিকল ছিঁড়ে একটি দা ও একটি বঁটি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। তিনি দৌড়ে প্রায় তিন কিলোমিটার দূরে মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রৌমারী বিলের ধারে যান। পেছনে পেছনে যান তাঁর মা জারফুল বেগম (৬৫) ও স্ত্রী বকুল বেগম।সেখানে গিয়ে জারফুল বেগম ছেলেকে বাড়ি ফিরে যেতে বলেন। এতে জুয়েল ক্ষিপ্ত হয়ে দা দিয়ে তাঁর মায়ের ঘাড়ে কোপ দেন। এতে রক্তাক্ত অবস্থায় জারফুল বেগম মাটিতে লুটিয়ে পড়েন। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল উদ্দিন বলেন, এ ঘটনায় নিহত জারফুল বেগমের আরেক ছেলে রুবেল মিয়া বাদী হয়ে মামলা করেছেন। কুমিল্লা: কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ জানান, কুমিল্লা শহরের পশ্চিম বিষ্ণুপুরের এরশাদ আলী ও প্রতিবেশী জাফর মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে তুচ্ছ বিষয় নিয়ে তাঁদের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে এরশাদ আলী বৃদ্ধ জাফর মিয়ার (৭০) তলপেটে ঘুষি মারেন। এতে জাফর মিয়া গুরুতর আহত হলে সঙ্গে সঙ্গে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি গতকাল রাতে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সখীপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিদাস গ্রামের একটি জঙ্গল থেকে গতকাল সকালে সাইফুল ইসলাম (৩৫) নামের এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর গলায় গামছা পেঁচানো ছিল। পুলিশের ধারণা, শ্বাসরোধে হত্যার পর সাইফুলের অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সাইফুলের পৈতৃক বাড়ি টাঙ্গাইলের বাসাইল উপজেলার নামদার কুমুলি গ্রামে। তিনি সখীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুরে বসবাস করতেন।কমলগঞ্জ (মৌলভীবাজার): কুলাউড়া উপজেলার জালালাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কার্যালয়ের সামনের মাঠ থেকে গত মঙ্গলবার সন্ধ্যায় অজ্ঞাতপরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স ৩৫-৪০ বছর। ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কুলাউড়া থানার ওসি সেলিম নেওয়াজ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাশবিক নির্যাতনের পর ওই নারীকে হত্যা করে লাশ সেখানে ফেলে রাখা হয়েছে।