চার জেলায় ৪০ দোকান আগুনে পুড়ে ছাই
নোয়াখালীর চাটখিল ও চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় গতকাল শনিবার ভয়াবহ আগুনে ৩২টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে তাঁদের প্রায় ছয় কোটি টাকার ক্ষতি হয়েছে। এর আগের দিন গত শুক্রবার নেত্রকোনার পূর্বধলা ও কক্সবাজারের টেকনাফে পুড়ে ছাই হয়েছে আরও আটটি দোকান ও দুটি বসতবাড়ি।ক্ষতিগ্রস্ত ব্যক্তি, পুলিশ ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে প্রতিনিধিদের পাঠানো খবর:চাটখিল: শনিবার ভোরে উপজেলার সিঅ্যান্ডবি রোডের মার্কেটের দিদার ইলেকট্রিক দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে পার্শ্ববর্তী মিষ্টির দোকান মধুবন ও বনফুলের শোরুমসহ ১৭টি দোকান পুড়ে যায়।উপজেলা পরিষদের চেয়ারম্যান হাছান আহাম্মেদ বলেন, আগুনে পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে। মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সরকারি তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।ফরিদগঞ্জ: গতকাল ভোরে উপজেলার কালীরবাজারের উত্তর মাথার একটি আইসক্রিমের কারখানায় প্রথমে আগুন জ্বলতে দেখে লোকজন ছুটে গিয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু আগুনের তীব্রতায় সবাই পিছু হটতে বাধ্য হয়। এরপর মসজিদের মাইকে ঘোষণা দিলে আশপাশের গ্রামের শত শত মানুষ জড়ো হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে সংবাদ পেয়ে চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়। কিন্তু এর আগেই ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।পূর্বধলা: শুক্রবার রাতে উপজেলা সদর বাজারে আগুনে আটটি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এতে তাঁদের দোকানের মালামাল, নগদ টাকা, দোকানঘরসহ প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। টেকনাফ: শুক্রবার রাতে উপজেলার দক্ষিণ লেদা এলাকার একটি বাড়ি আগুনে পুড়ে যায়। এতে নগদ টাকা, আসবাবপত্রসহ প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরে ভোররাতে হ্নীলা ইউনিয়ন পরিষদের সদস্য জাফর আলমের বাড়িতে আগুন লাগে। এতে কাঠ, ধান, মোটরসাইকেল, ৫০ হাজার টাকার টাইলস সামগ্রী, দুটি পাম্প মেশিন, আসবাবপত্রসহ সাড়ে নয় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।