চার জেলায় ৫৯০টি কম্বল বিতরণ
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে কুড়িগ্রাম, নাটোরের গুরুদাসপুর ও তাড়াশ, বরিশালের বাকেরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মোট ৫৯০ জন দুস্থ ব্যক্তির মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এসব কম্বল বিতরণে সহযোগিতা করেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ও ধরলা নদীর মধ্যবর্তী জলাংগার কুটি চরের দুস্থ ব্যক্তিদের মধ্যে দেড় শ কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার এসব কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম বন্ধুসভার মোখলেছুর রহমান মুকুল, জাহানুর রহমান খোকন, সোনা রায়, মিষ্টি, হাসু, আকরাম, জুয়েল, লীজা ও শাওন। সার্বিক সহযোগিতা করেন রবিউল ইসলাম, আহসান হাবীব রাসেল, চঞ্চল, পলাশ, মঞ্জু, নুর, আসাদ, লায়ন ও ফারুক।
নাটোরের গুরুদাসপুর ও তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকার ২০০ হতদরিদ্র মানুষ গতকাল কম্বল পেয়েছেন। গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বালিকা দাখিল মাদ্রাসার মাঠে কম্বলগুলো বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার এমদাদুল হক, উপজেলা বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ বরকত আলী, সাংবাদিক মো. শাহজাহান আলী, গুরুদাসপুর বার্তার সম্পাদক সাজেদুর রহমান, বন্ধুসভার আহ্বায়ক মেহেদী হাসান, সদস্য শারমিন, সেলিম, সুমন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
বরিশালের বাকেরগঞ্জের তেঁতুলিয়া পাড়ের জিরাইল আদর্শ (রেজি.) প্রাথমিক বিদ্যালয় এবং পাটকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের গতকাল ১৪০টি কম্বল দিয়েছেন বন্ধুসভার সদস্যরা। উপস্থিত ছিলেন বিদ্যালয় দুটির শিক্ষকেরা। কম্বল পেয়ে শিক্ষার্থীরা খুশিতে মেতে ওঠে।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ১০০ জন দুস্থ ব্যক্তির মধ্যে গত শুক্রবার কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার প্রত্যন্ত গ্রাম চর নিলখী ও বাঞ্ছারামপুরে এসব কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন ছলিমাবাদ ইউনিয়নের সদস্য মো. রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক শাহ নাদিম হোসেন প্রমুখ।