চার জেলায় ৭১৫ কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা ও পটুয়াখালী সদর এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও নড়াইলের লোহাগড়ায় কম্বল বিতরণ করা হয়েছে। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে এসব কম্বল ৭১৫ জন শীতার্ত মানুষকে দেওয়া হয়। কম্বলগুলো বিতরণে সহায়তা করেন বন্ধুসভার সদস্যরা। আমাদের অফিস ও প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত:
গাইবান্ধা সরকারি মহিলা কলেজ মাঠে গতকাল দুপুরে ২০০ কম্বল বিতরণ করা হয়। সদর উপজেলার ১১টি গ্রামের ১১০ জন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ৯০ জনকে এসব কম্বল দেওয়া হয়। ৬ জানুয়ারি সদর উপজেলার কুপতলা ও শাহাপাড়া গ্রামে জামায়াত-শিবিরের হামলায় ক্ষতিগ্রস্ত হন এই সংখ্যালঘুরা। কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুলতানা সেলিনা, সাহিত্যিক আবু জাফর, সারওয়ার হোসেন, শহিদুল ইসলাম, কবি খোন্দকার নিপন, গাইবান্ধা বন্ধুসভার সভাপতি চুনি ইসলাম, সম্পাদক নাহিদ হাসান, তামজিদুর রহমান, লাভলু মিয়া, রোকনুজ্জামান, জাহাঙ্গীর আলম, উম্মে রুমা প্রমুখ।
পটুয়াখালীতে গত দুই দিনে শিক্ষার্থী এবং দক্ষিণবঙ্গ বৃদ্ধাশ্রমের আশ্রিতাসহ ২০০ ব্যক্তিকে কম্বল দেওয়া হয়েছে। গতকাল বেলা ১১টায় শহরের কলের পুকুরপাড় এলাকায় বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের ৩০ শিক্ষার্থীকে এবং শহরের স্বনির্ভর, কালিকাপুর ও চরপাড়া এলাকার ৭০ জন দুস্থ ব্যক্তি কম্বল পান। এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শহরের পটুয়াখালী সেতুর ঢাল এলাকায় দক্ষিণবঙ্গ বৃদ্ধাশ্রমের ১৫ জন আশ্রিত কম্বল পান। কম্বল পেয়ে পিরোজপুরের মঠবাড়িয়ার দাউদখালী গ্রামের হোসেন আলী (৮০) বলেন, ‘আপনজনেরা কেউ খোঁজ নেয় না। কিন্তু এই শীতে আপনেরা আইছেন আমাগো মতো বুড়া মানুষের খোঁজ নিতে। আপনেগো দোয়া করি।’
পরে শহরের ২০ জন পত্রিকা বিক্রেতা এবং চরপাড়া ও মিঠাপুকুর পাড় এলাকার ৬৫ জন দুস্থ ব্যক্তিকে কম্বল দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী বন্ধুসভার সভাপতি সাগর মালি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক আবিদা জান্নাত, পটুয়াখালীর বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর-ই-রশিদ মাকসুদা, দক্ষিণবঙ্গ বৃদ্ধাশ্রমের উপদেষ্টা এ এইচ মুনসুর, পরিচালক মো. জাকির হোসেন প্রমুখ।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল বেলা সাড়ে ১১টায় ১২টি গ্রাম-মহল্লার ২০০ দুস্থ শীতার্ত মানুষকে কম্বল দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ইকরামুল হক, স্থানীয় পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক, সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আবুল হাসনাত, সম্পাদক মোশাররফ হোসেন, বন্ধুসভার উপদেষ্টা বদরুল হুদা, সভাপতি দেলোয়ার হোসেন, সম্পাদক আজিজুল হক, পূজা পরিষদের সভাপতি প্রফুল্ল কুমার রায় প্রমুখ।
লোহাগড়ায় কম্বল পেয়েছেন ১১৫ জন শীতার্ত মানুষ। গতকাল বিকেলে নড়াইলের লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয় চত্বরে এসব কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন ইউএনও রেবেকা খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক, পাইলট উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অরবিন্দ আচার্য্য ও লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শেখ ফারুক আহমেদ।