সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরের কচিখালী ও পক্ষীদিয়া এলাকায় গত শনিবার রাতে মাছ ধরার ২০টি ট্রলারে হামলা চালিয়ে ইলিশ, জালসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে জলদস্যুরা। তারা পাঁচটি ট্রলারসহ ৬০ জন জেলেকে অপহরণ করে নিয়ে গেছে। এসব জেলেকে ছাড়িয়ে আনতে জনপ্রতি ৫০ হাজার এবং ট্রলারপ্রতি দুই লাখ টাকা করে মুক্তিপণ দাবি করেছে দস্যুরা।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটাসংলগ্ন সাগরের এক নম্বর বয়া পয়েন্টে গতকাল রোববার দুপুরে দুটি ট্রলারে ডাকাতি হয়েছে। এ সময় জলদস্যুদের হামলায় চার জন জেলে গুলিবিদ্ধসহ অন্তত ১২ জন জেলে আহত হয়েছেন। তারা মুক্তিপণের দাবিতে একটি ট্রলারসহ পাঁচ জন জেলেকে অপহরণ করে নিয়ে গেছে।
বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান মাঝি জানান, বঙ্গোপসাগরের কচিখালী ও পক্ষীদিয়া এলাকায় শনিবার রাত আটটার দিকে জলদস্যু শীর্ষ বাহিনীর ২০-২৫ জন সদস্য একটি ট্রলারে করে এসে অস্ত্রের মুখে পাঁচটি ট্রলারের নিয়ন্ত্রণে নেয়। তারা গতকাল সকাল ১০টা পর্যন্ত ওই দুই এলাকায় অন্তত ২০টি ট্রলারে লুটপাট চালিয়ে ইলিশ, জাল, টাকা, মুঠোফোন, ট্রলারের যন্ত্রাংশ, খাদ্যসামগ্রীসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এছাড়া তারা পাঁচটি ট্রলারসহ ৬০ জন জেলেকে অপহরণ করে নিয়ে যায়।
অপহূত জেলেদের মধ্যে ১০ জনের নাম জানা গেছে। তাঁরা হলেন ফোরকান মাঝি, লাল মিয়া, খলিলুর রহমান, ফারুক হোসেন, মো. ইউনুস, ইব্রাহিম হোসেন, মাসুম মাতব্বর, কবির হোসেন, করিম হাওলাদার ও বেল্লাল মাঝি। তাঁদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার মঠেরখাল, খলিফারহাট ও তাফালবাড়িয়া গ্রামে।
লুট হওয়া পাঁচটি ট্রলারের মধ্যে চারটির নাম জানা গেছে। এগুলো হলো এফবি ফাতিমা, এফবি মাসুম, এফবি ফোরকান ও এফবি বয়াতি। কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শহীদ আল হাসান বলেন, ‘বঙ্গোপসাগরে ডাকাতি ও অপহরণের কোনো খবর আমরা পাইনি। তাছাড়া এ ব্যপারে কোস্টগার্ডের কাছে কেউ অভিযোগও করেনি।’
কুয়াকাটাসংলগ্ন সাগরে ডাকাতের কবলে পড়া এফবি শাহ আমানত ট্রলারের জেলে তাজুল ইসলাম জানান, এক নম্বর বয়া পয়েন্টের কাছে মাছ ধরার সময় সশস্ত্র ৩০-৩৫ জন ডাকাত তিনটি ট্রলারে করে এসে দুটি ট্রলারে থাকা মাছ, জ্বালানীসহ জাল নিয়ে যেতে চায়। এতে জেলেরা বাধা দিলে ডাকাতেরা তাঁদের ওপর হামলা চালায়।
এখানে ডাকাতদের গুলিতে আহত জেলেরা হলেন, আবদুর রব, মিসির আলী, লিটন ও নুর আলম। তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপহূত জেলেরা হলেন, শাহ আমানত ট্রলারের ইউসুফ মাঝি, এফবি ফাতেমার ফারুক মিস্ত্রী ও আবুল খায়ের মাঝি। বাকি দুই জনের নাম জানা যায়নি। আহত ও অপহূত জেলেদের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ গ্রামে।
মহিপুর-আলীপুর মৎস্য আড়তদার সমবায় সমিতির সভাপতি দিদারউদ্দিন আহমেদ বলেন, এফবি ফাতেমা ট্রলারসহ পাঁচজন জেলেকে অপহরণ করে নিয়ে যাওয়ার খবর আমারা পেয়েছি। আমরা এ ব্যাপারে পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি।’
মহিপুর পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, ‘ট্রলারে ডাকাতির ঘটনা শুনেছি। তবে এখন পর্যন্ত জেলে বা ট্রলারমালিকদের কাছ থেকে অভিযোগ পাইনি।’