চার জ্যেষ্ঠকে ডিঙিয়ে প্রধান শিক্ষক!
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সুহিলপুর উচ্চবিদ্যালয়ের চারজন জ্যেষ্ঠ শিক্ষককে ডিঙিয়ে একজন সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগের সমর্থক হওয়ায় ওই সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে বিদ্যালয় পরিচালনা পর্ষদ। তাঁরা এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগ থেকে জানা গেছে, গত ৩০ জুন প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন অবসর গ্রহণ করেন। ২৯ জুন বিদ্যালয় ব্যবস্থাপনা পর্ষদের সভায় চারজন জ্যেষ্ঠ শিক্ষককে ডিঙিয়ে সহকারী শিক্ষক মো. জহিরুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ করা হয়।২০১১ সালের ১৮ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের তৎকালীন সচিব কামাল আবদুল নাসের চৌধুরী স্বাক্ষরিত একটি পরিপত্রে বলা হয়েছে, কোনো মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য হলে সহকারী প্রধান শিক্ষক ওই পদের দায়িত্বভার গ্রহণ করবেন। সহকারী প্রধান শিক্ষক না থাকলে জ্যেষ্ঠ সহকারী শিক্ষক ওই পদের দায়িত্ব পালন করবেন।নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক অভিযোগ করেন, পরিচালনা পর্ষদের সভাপতিসহ বেশির ভাগ সদস্য আওয়ামী লীগের কর্মী ও সমর্থক। সহকারী শিক্ষক জহিরুলও সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ কারণে সরকারি নীতিমালা লঙ্ঘন করে পরিচালনা পর্ষদ মনগড়া সিদ্ধান্ত নিয়ে বিদ্যালয়টিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অভিযোগের ব্যাপারে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আবদুল গাফ্ফার বলেন, ‘আমাদের এখানে কর্মরত শিক্ষকদের মধ্যে জহিরুল ইসলামের এমপিও সবার আগে হয়েছে। এ কারণে তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে দলবলের কোনো পরিচয় নেই।’আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে সহকারী শিক্ষক জহিরুল বলেন, প্রতিষ্ঠানের কল্যাণের স্বার্থে পরিচালনা পর্ষদ তাঁকে দায়িত্ব দিয়েছে। অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ্ আলী রেজা আশরাফী বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।