চার টন চাল জব্দ
ভোলার দৌলতখান উপজেলার হাজীপুর ইউনিয়নের ওএমএসের ডিলার সাড়ে চার মেট্রিক টন চাল বিক্রি করার সময় পুলিশ সেগুলো জব্দ করেছে। প্রশাসন বলছে, নিরাপত্তার জন্য ওই ডিলার চালগুলো এক ব্যবসায়ীর আড়তে রেখেছিলেন।প্রত্যক্ষদর্শী ও দৌলতখান খাদ্যনিয়ন্ত্রণ কার্যালয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাজীপুর ইউনিয়নের ওএমএসের ডিলার মাকসুদুর রহমান উপজেলা খাদ্যগুদাম থেকে সাড়ে চার মেট্রিক টন চাল তুলে বিক্রির উদ্দেশ্যে দৌলতখান শহরের চাল ব্যবসায়ী আবদুল মালেকের গুদামে নিয়ে যান। সন্ধ্যায় চালবোঝাই ট্রাকটি আবদুল মালেকের গুদামে ঢুকতেই স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে ট্রাকটি জব্দ করে।ডিলার মাকসুদুর রহমান জানান, হাজীপুর ইউনিয়নটি দৌলতখান থেকে বিচ্ছিন্ন। সেখানে ট্রলারে করে যেতে হয়। বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া খারাপ থাকায় চালগুলো হাজীপুরে নেওয়া সম্ভব হয়নি। এ জন্য সেগুলো আবদুল মালেকের আড়তের পাশের মিলঘরে রাখা হয়েছিল। গতকাল শুক্রবার সকালে চালগুলো সেখান থেকে নেওয়া হতো। দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল কবীর জানান, চালগুলো তাঁদের হেফাজতে আছে। বিপদে পড়ে ডিলার সেগুলো আবদুল মালেকের মিলঘরে রেখেছেন। কোনো খারাপ উদ্দেশ্যে রাখেননি। ওই চালের বৈধ কাগজপত্রও আছে বলে তাঁরা জানান।ভোলা জেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা সুবোধ কুমার হাওলাদার প্রথম আলোকে জানান, প্রত্যেক ডিলারের নির্ধারিত গুদামে ওএমএসের চাল রাখার কথা। বিপদের ভয়ে সেখানে চাল রাখতে না পারলে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের পরামর্শমতো কোনো স্থানে কিংবা খাদ্যগুদামে রাখতে পারতেন। যেহেতু তিনি তা না করে চালবিক্রেতার আড়তে রেখেছেন, সেহেতু তাঁর উদ্দেশ্য সৎ নয় বলে মনে হচ্ছে। যদি এটা প্রমাণিত হয়, তবে ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।