জাতিগত দাঙ্গার কারণে বঙ্গোপসাগর দিয়ে মিয়ানমার থেকে আসা নারী ও শিশুসহ ১৪৮ জন রোহিঙ্গা নাগরিককে আটক করে আবার ফেরত পাঠিয়েছে কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চারটি ট্রলারে করে আসার পর গতকাল বুধবার তাদের আটক করা হয়। তবে বিকেল নাগাদ তাদের আবার ফেরত পাঠানো হয়। কোস্টগার্ড ও বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল রাত আটটা পর্যন্ত ওই রোহিঙ্গা নাগরিকদের বহনকারী ট্রলারগুলো সাগরে ভাসছিল। মিয়ানমারে ফিরে গেলে সেখানে প্রতিপক্ষের হামলার শিকার হতে হবে—এমন আশঙ্কায় তারা আবার বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করছে বলে বিজিবি জানিয়েছে। স্থানীয় লোকজন বলেছেন, ট্রলার চারটিতে ৫০ জনের বেশি নারী ও শিশু রয়েছে। সাগর প্রচণ্ড উত্তাল। এ অবস্থায় ট্রলারগুলো যেকোনো সময় ডুবে যেতে পারে। ট্রলারে পর্যাপ্ত খাবার ও পানি নেই।বিজিবি ও কোস্টগার্ড জানায়, ভোরে শাহপরীর দ্বীপের জেটিঘাটের কাছে আটক একটি ট্রলারে ৩০ জন, দক্ষিণ পাড়ায় আটক ট্রলারে ৪৭ জন এবং সেন্ট মার্টিনে আটক একটি ট্রলারে ৩৯ জন নারী-পুরুষ ও শিশু ছিল। বিকেল সাড়ে চারটার দিকে টেকনাফের আড়াই নম্বর স্লুইসগেট এলাকা থেকে আটক করা একটি ট্রলারে ছিল ৩২ জন। এ ছাড়া নাফ নদী ও বঙ্গোপসাগরের মিলনস্থল বদর মোকাম এলাকায় মিয়ানমার থেকে আসা আরও একটি ভাসমান ট্রলার আটক করা হয়। সেখানে দেড় মাস বয়সী একটি শিশুকে পাওয়া যায়। এই শিশু ছাড়া অন্য সবাইকে গতকাল বিকেলেই মিয়ানমারের উদ্দেশে ফেরত পাঠানো হয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।জেটিঘাট ও দক্ষিণ পাড়া উপকূল এলাকায় সকালে ঘুরে দেখা যায়, উপকূলের কাছে রোহিঙ্গাদের নিয়ে ভাসমান দুটি ট্রলারের কাছে এলাকার লোকজন ভিড় জমিয়েছে। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এ সময় ক্ষুধায় কাতর শিশুদের অত্যন্ত বিমর্ষ ও আতঙ্কগ্রস্ত দেখাচ্ছিল। বৃষ্টি উপেক্ষা করে স্থানীয় লোকজন তাদের ভাত, তরকারি ও ত্রিপল সরবরাহ করেছে। এর আগে কয়েক দফা বৃষ্টিতে ভিজেছে তারা।শাহপরীর দ্বীপের দক্ষিণ পাড়ার কাছে ভেড়া ট্রলারের রোহিঙ্গা নারী-পুরুষের সঙ্গে কথা বলে জানা যায়, রাখাইন রাজ্যে (সাবেক আরাকান) জাতিগত সংঘাত শুরু হলে গত শনিবার তারা ওই ট্রলারে উঠে বাংলাদেশের উদ্দেশে রওনা দেয়।ট্রলারে থাকা তিন সন্তানের জননী হোসনে আরা জানান, সংঘাত শুরু হলে তাঁর স্বামী মোহাম্মদ কাশিম নিজ সম্প্রদায়ের পক্ষে লড়াই করতে কিরিচ নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তাঁর সঙ্গে দেখা হয়নি। উপায় না দেখে তিনি তিন সন্তান নিয়ে অন্যদের সহযোগিতায় ট্রলারটিতে উঠে পড়েন। তখন থেকে না খেয়ে সাগরে ভাসছেন।এই ট্রলারের চালক (মাঝি) মোহাম্মদ ফারুক (৪৮) প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে গত সোমবার একবার কোস্টগার্ডের হাতে ধরা পড়ি। তারা আমাদের কিছু খাবার ও জ্বালানি তেল দিয়ে সাগরে ঠেলে দেয়। এ অবস্থায় আমরা মিয়ানমারেও ফিরে যেতে পারছি না। তাই সাগরে না খেয়ে ভাসছি।’ তিনি বলেন, তাঁর ট্রলারের ৪৭ জনের মধ্যে একটি দুই মাসের শিশুসহ ২৮ জনই শিশু। তিনি আরও বলেন, গত মঙ্গলবার সেন্ট মার্টিন দ্বীপের কাছে জেলেরা তাঁদের নৌকায় এক বেলা রান্না করে খাওয়ার ব্যবস্থা করেন। এরপর গতকাল গ্রামবাসী খাবার দিয়েছেন। এর মাঝে আর কিছুই তাঁরা খাননি।ফারুক বলেন, ‘বিজিবি ও কোস্টগার্ড হয়তো আমাদের আবারও ঠেলে পাঠাবে। কিন্তু আমরা বারবার বাংলাদেশে আসার চেষ্টা করে যাব।’ বিজিবির কর্মকর্তারা জানান, দুপুর ১২টায় একটি ও বিকেল তিনটার দিকে অন্য দুটি ট্রলারে সবাইকে মিয়ানমারের দিকে পাঠিয়ে দেওয়া হয়।বিজিবির কর্মকর্তা মো. সাইফুল ওয়াদুদ প্রথম আলোকে বলেন, মিয়ানমারের নাগরিকেরা যতই চেষ্টা করুক না কেন, কিছুতেই তাদের বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।টেকনাফ বিজিবির অপারেশন অফিসার এইচ কামরুল হাসান প্রথম আলোকে বলেন, ‘আমরা পাহারা দিয়ে রোহিঙ্গাদের মিয়ানমারের সীমানায় দিয়ে আসি। কিন্তু আমরা চলে আসার পর তারা পুনরায় আমাদের পিছু নেয়। আমরা তো সারাক্ষণ তাদের সাগরে পাহারা দিতে পারি না।’ স্থানীয় ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সাগর খুবই উত্তাল। এসব ট্রলার সাগরে ভেসে বেড়ানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় ঢেউয়ের তোড়ে এ ধরনের ছোট মাছ ধরার ট্রলার ডুবে যেতে পারে।’