চার ট্রাকে মালামাল ভরে নিয়ে গেল ডাকাতেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের নন্দখালী এলাকায় নির্মাণাধীন একটি মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে সোমবার দিবাগত গভীর রাতে হানা দিয়ে ডাকাতেরা প্রায় ৫০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। মামলা হওয়ার পরও এ ব্যাপারে তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন সাভার থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) জেনিফার আহমেদ। জানা গেছে, ওই এলাকায় প্রস্তাবিত মাসুদ মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজ চলছে। এর নির্মাণের দায়িত্বে রয়েছে একই মালিকানাধীন প্রতিষ্ঠান মাসুদ অ্যান্ড কোম্পানি লিমিটেড। সোমবার রাতে ডাকাতেরা কয়েকটি ট্রাক নিয়ে এসে কলেজ চত্বর থেকে ১০ হাজার টাকা, কম্পিউটার, মুঠোফোন, শাটার গেটসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে যায়। প্রতিষ্ঠানের সাভার অঞ্চলের ব্যবস্থাপক আকতার হোসেনের ভাষ্য অনুযায়ী, ওই দিন রাত আড়াইটার দিকে নিরাপত্তাকর্মীদের কাছে ডাকাতেরা গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে ভেতরে ঢোকে। পরে নিরাপত্তা কর্মকর্তা আল-আমিনসহ নিরাপত্তাকর্মী ফয়সাল ও সাহেব আলীকে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। ভোর পর্যন্ত তারা চারটি ট্রাকে মালামাল তুলে ঘটনাস্থল ত্যাগ করে। এসব মালামালের আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ কামরুল আহসান সিরাজি বাদী হয়ে গতকাল বিকেলে সাভার থানায় ডাকাতি মামলা করেছেন। মামলা দায়েরের কয়েক ঘণ্টা পর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেনিফার আহমেদের কাছে ওই ঘটনার ব্যাপারে জানতে চাইলে তাঁর কোনো কিছু জানা নেই বলে এই প্রতিবেদককে জানান। পরে থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ডাকাতি ও মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটি নথিভুক্ত করেছেন জেনিফার আহমেদ। তাই বিস্তারিত তথ্যের জন্য তাঁর সঙ্গেই কথা বলতে হবে। এরপর জেনিফার আহমেদের সঙ্গে পুনরায় যোগাযোগ করা হলে তিনি একই কথা বলে এড়িয়ে যান।