চার ডাকাতকে গণপিটুনি, দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের তিনটি গ্রামের পাঁচ বাড়িতে গতকাল সোমবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় এলাকাবাসী চার ডাকাতকে ধরে গণপিটুনি দেয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর আজ মঙ্গলবার দুপুরে দুজনের মৃত্যু হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে আটটার পর ১০-১২ জনের একটি ডাকাত দল প্রথমে আটলিয়া ইউনিয়নের বয়ারসিং গ্রামের কার্তিক মণ্ডলের বাড়িতে হানা দেয়। বাড়ির লোকজনকে জিম্মি করে প্রায় দুই ভরি স্বর্ণালংকার, সাত হাজার টাকা ও একটা মোবাইল সেট ছিনিয়ে নেয় ডাকাতেরা। এরপর ডাকাত দল পাশের মনোহরপুর গ্রামের তাপস মণ্ডলের বাড়িতে ঢুকে সাড়ে ১০ হাজার টাকা ও একটা মোবাইল সেট নেয়। পরে একই গ্রামের হাসান খাঁর বাড়ি থেকে নগদ আড়াই হাজার টাকা ও দুটি মোবাইল সেট এবং মাহমুদা বেগমের বাড়ি থেকে সাড়ে আট হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতেরা। রাত দুইটার দিকে পার্শ্ববর্তী পুটিমারি গ্রামের সুকুমার সানার বাড়িতে হানা দিয়ে একটি মোটরসাইকেল, এক ভরি স্বর্ণালংকার ও নগদ ২৪ হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতেরা। এ সময়ের মধ্যে তিন গ্রামে ডাকাতির ঘটনা জানাজানি হওয়ার পর গ্রামবাসী সম্মিলিতভাবে ওই ডাকাতদের ধাওয়া দেয়। একপর্যায়ে রাত তিনটার দিকে ইজাজুল মল্লিক (৩৫) নামের একজনকে মনোহরপুর গ্রামের একটি ধানখেত থেকে ধরে এলাকাবাসী পিটুনি দেয়। খবর পেয়ে স্থানীয় মাদারতলা ক্যাম্প থেকে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। এরপর পুলিশ ও গ্রামবাসী চেষ্টা চালিয়ে ওই এলাকার বিভিন্ন বিল থেকে জনি এলাহী খাজা (৩৫), আরিফ গাজী (২৫) ও মোস্তাকিম গাজী (৩৩) নামের তিনজনকে ধরে পিটুনি দেয়। পরে গণপিটুনির শিকার চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ইউনুস আলী প্রথম আলোকে বলেন, আজ ভোরে ইজাজুল মল্লিক নামের একজনকে আহত অবস্থায় চিকিত্সার জন্য হাসপাতালে আনে পুলিশ। কিছু সময় পর গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে আনা হয়। এর মধ্যে দুপুর দেড়টায় জনি এলাহী খাজা ও দুপুর দুইটায় মুস্তাকিম গাজী নামের দুজনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনার সহকারী পুলিশ সুপার আবদুল কাদের বেগ প্রথম আলোকে বলেন, ‘ডাকাতির ঘটনায় এলাকাবাসী চার ডাকাতকে ধরে গণপিটুনি দেয়। জনতার হাত থেকে আমরা তাঁদের উদ্ধার ডুমুরিয়া হাসপাতালে চিকিত্সার জন্য আনি। দুপুরে দুইজন মারা গেছেন। এ ঘটনায় ডাকাতি ও হত্যা মামলা দায়ের করা হবে।’