চার দন্ত চিকিৎসক ও দুই সহযোগী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে প্রতারণার মাধ্যমে দন্ত চিকিৎসার অভিযোগে গ্রেপ্তার হওয়া চার চিকিৎসক ও তাঁদের দুই সহযোগীকে গতকাল শুক্রবার জেলা কারাগারে পাঠানো হয়েছে। প্রশিক্ষণ ও অনুমোদন ছাড়া চিকিৎসা করায় গত বৃহস্পতিবার তাঁদের গ্রেপ্তার করা হয়।সদর থানা পুলিশ জানায়, শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইকবাল বাহারের আদালতে গতকাল বিকেলে গ্রেপ্তার হওয়া ছয়জনকে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়ে কাল রোববার রিমান্ডের ওপর শুনানির দিন ধার্য করেছেন। এঁরা হলেন কথিত চিকিৎসক রতন চন্দ্র দাস, সাইফুল ইসলাম গাজী, সুলতান মাহমুদ ও গোলাম মোস্তফা এবং তাঁদের সহযোগী যাদব চন্দ্র দাস ও কানু সাহা। ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ক্লিনিক খুলে নামের আগে ডাক্তার পদবি বসিয়ে চিকিৎসা করে আসছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত উল্লাহর নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ছাড়া বৈধ কাগজপত্র না থাকায় ছয়টি ক্লিনিক সিলগালা করে দেওয়া হয়েছে। এগুলো হলো রতন ডেন্টাল ক্লিনিক, তাজুল ডেন্টাল ক্লিনিক, মডার্ন ডেন্টাল ক্লিনিক, মিনারা সালাম দন্ত চিকিৎসালয়, শীমু ডেন্টাল ক্লিনিক ও মা ডেন্টাল ক্লিনিক। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুর আলী জানান, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার হওয়া ছয় ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে।