চার দপ্তরের বিরুদ্ধে মানুষের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জনতার শক্তি, রুখবে দুর্নীত’ স্লোগান নিয়ে গতকাল বুধবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জাইকার সহযোগিতায় তেঁতুলিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গণশুনানির আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন দুদকের কমিশনার নাসিরউদ্দিন আহম্মেদ।
শুনানিতে ভজনপুরের কৃষক আবদুল লতিফ (৪০) বলেন, জমির কাগজ ও দখল দুটিই আছে, তবু পর্চা তাঁর নামে দেওয়া হয়নি। পরে ৩০ ধারায় আপত্তি দাখিল করি ৮৪টি। প্রতিটি আবেদনের জন্য ৩০০ টাকা করে দিতে হয়েছে। জমির কাগজপত্র থাকার পরও অপর পক্ষের কাছ থেকে ঘুষ নিয়ে সব আবেদন খারিজ করে দেন। এখন ওই সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা ৩১ ধারায় আপত্তি দিতে বলেছেন।
শালবাহানের সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, সেটেলমেন্ট অফিসটা ঘুষের আখড়ায় পরিণত হয়েছে। দালাল ছাড়া কাজ হয় না। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহবুবুর রহমান বলেন, হাসপাতালে চিকিৎসকদের সময়মতো পাওয়া যায় না। মুক্তিযোদ্ধাদের জমি বেদখল হয়ে যাচ্ছে। দখল করে দিলেও আবার বেদখল হয়ে যাচ্ছে।
শুনানিতে আরও উপস্থিত ছিলেন দুদকের পরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) মো. মনিরুজ্জামান, রাজশাহী বিভাগীয় পরিচালক মঞ্জুর আহম্মদ। সঞ্চালনা করেন তেঁতুলিয়ার ইউএনও শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন। গণশুনানিতে সাব-রেজিস্ট্রি, ভূমি, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, বিদ্যুৎ বিভাগ অংশ নেয়। এতে ৪১ জন নাগরিক তাঁদের বক্তব্য তুলে ধরেন। এর মধ্যে ২৫ জন ভূমিসংক্রান্ত, নয়জন সাব-রেজিস্ট্রি কার্যালয়-সংক্রান্ত, তিনজন হাসপাতাল-সংক্রান্ত, চারজন বিদ্যুৎ বিষয়ে নানা হয়রানির চিত্র তুলে ধরেন। নাগরিকদের অভিযোগ শোনার পর জবাব দেন সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
শেষে দুদকের কমিশনার বলেন, দুর্নীতির উৎস চিহ্নিত করে জনগণের সেবার মান বাড়াতে দুদক গণশুনানির আয়োজন করছে। জনগণকে সচেতন করে তাদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গণশুনানির আয়োজন করা হচ্ছে। এটি চতুর্থ গণশুনানি। এ বছর আরও ১৪ উপজেলায় গণশুনানি অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, সিভিল সার্জন ডা. আহাদ আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবু জেকের বক্তব্য দেন।