চার দফা কর্মকর্তা পরিবর্তন তবু শেষ হয়নি তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খুনের দুই বছর পার হলেও তদন্ত শেষ হয়নি। অথচ এ সময়ে চারবার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে।মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক জানান, এ মামলায় সন্দেহভাজনদের গ্রেপ্তার করে আইনে সোপর্দ করা হয়েছে। প্রকৃত তথ্য উদ্ঘাটনে আরও সময় প্রয়োজন।২০১০ সালের ১২ অক্টোবর ভোররাতে মিজানুর রহমানকে সন্ত্রাসীরা তাঁর শোয়ার ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করে। তাঁর স্ত্রী ডলি খাতুন ওই দিনই বাদী হয়ে দামুড়হুদা থানায় অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীদের নামে একটি হত্যা মামলা করেন।এ মামলায় চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহজাহান শেখ ও রাম প্রসাদ ভক্ত এবং এসআই জিয়াউর রহমান (দুবার) দায়িত্ব পালন করেন। বর্তমানে জিয়াউল হক তদন্ত করছেন।মামলার বাদী ডলি খাতুন তদন্তকাজ দুই বছরেও শেষ না হওয়ায় মামলার ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। এদিকে পুলিশ এ মামলায় নতিপোতা ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সভাপতি মনিরুজ্জামান (৪৫); হোগলডাঙ্গার রবিউল ইসলাম (৪০), শহিদুল ইসলাম (৪০), আবদুল হান্নান (৪০) ও জমির উদ্দিন (৪২); দামুড়হুদার রোকনুজ্জামান (৩৫); ভগিরতপুরের মাসুদ রানা (৩৭) এবং নতিপোতার জাহাঙ্গীর আলম (৩০) নামের আটজনকে গ্রেপ্তার করে। রবিউল ছাড়া বাকি সাতজন বর্তমানে উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।মামলার আসামি না হয়েও পুলিশি হয়রানি ও গ্রেপ্তার এড়াতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল আজিজ ও সাংগঠনিক সম্পাদক আবদুল মোমিন উচ্চ আদালতের আদেশ নিয়ে চলাফেরা করছেন। মিজানুর রহমান নতিপোতা ইউপির চার নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। নির্বাচিত ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান ২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের সময় আত্মগোপন করলে পরিষদের সভায় সর্বসমঞ্চতিক্রমে মিজানুরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়।