বগুড়া পৌরসভার অনিয়মিত কর্মচারী ও শ্রমিক ইউনিয়নের সদস্যরা (মাস্টাররোলের অস্থায়ীভাবে নিয়োগ) চার দফা দাবি আদায়ের জন্য গতকাল মঙ্গলবার থেকে পূর্বঘোষিত পাঁচ দিনের আন্দোলন কর্মসূচি শুরু করেছেন।
গতকাল দুপুরে পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করার মধ্য দিয়ে ওই কর্মসূচি শুরু হয়। কর্মচারী ও শ্রমিকদের দাবিগুলো হচ্ছে: শুক্রবার সাপ্তাহিক ছুটি ঘোষণা, ভাতা বৃদ্ধি ও বেতনবৈষম্যের প্রতিকার, উৎসব ভাতা বৃদ্ধি এবং বিনা নোটিশে শ্রমিক ছাঁটাই বন্ধ।
আন্দোলনকারী শ্রমিকদের ভাষ্যমতে, পৌরসভার পরিচ্ছন্নতা শাখাসহ বিভিন্ন শাখায় তিন শতাধিক অস্থায়ী শ্রমিক রয়েছেন। পৌরসভা থেকে ৩ হাজার ৮০০ টাকা ভাতা নির্ধারণ করা হলেও কর্মরত শ্রমিকেরা হাতে পান মাসে সাকল্যে আড়াই হাজার থেকে ২ হাজার ৬০০ টাকা। এর মধ্যে ভোর থেকে কর্মঘণ্টা শুরু হওয়ায় সকালের নাশতা করতেই তাঁদের গড়ে ৫০ টাকা খরচ হয়ে যায়। এ ছাড়া ভাড়ায় চালিত ট্রাকের শ্রমিকেরা প্রতি মাসে গড়ে চার হাজার টাকা ভাতা পেয়ে থাকলেও পৌরসভার অস্থায়ী শ্রমিকদের দিনে ১২৬ টাকা ভাতা দেওয়া হয়। দীর্ঘদিন ধরে এমন বৈষম্য চলে এলেও পৌর কর্তৃপক্ষ তা আমলে নিচ্ছে না।
আন্দোলনকারী শ্রমিকদের অভিযোগ, অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া শ্রমিকদের সপ্তাহে সাত দিনই কাজ করতে হয়। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও আট ঘণ্টা কাজ করতে হয়। অস্থায়ী শ্রমিকদের বছরে দুটি উৎসব ভাতা দেওয়া হয়। এ ভাতার পরিমাণ মাত্র ১ হাজার ৭০০ টাকা। এই উৎসব ভাতা মাসিক ভাতার সমপরিমাণ করা দরকার। এ ছাড়া কারণে-অকারণে বিনা নোটিশে শ্রমিক ছাঁটাই করা হয়। এভাবে শ্রমিক ছাঁটাই বন্ধ করতে হবে।
বগুড়া পৌরসভা শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা মাসুদ সরকার বলেন, চার দফা দাবি আদায়ের লক্ষ্যে পাঁচ দিনের আন্দোলন কর্মসূচি চলছে। পৌর কর্তৃপক্ষ এরপরও দাবি মেনে না নিলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।