চার দফা দাবিতে উপাচার্যকে শিবিরের স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হল শাখা শিবিরের সাধারণ সম্পাদক রাসেল আলমের ওপর হামলাকারী ‘ছাত্রলীগের সন্ত্রাসীদের’ গ্রেপ্তারসহ চার দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ছাত্রশিবির। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শিবিরের একটি প্রতিনিধিদল উপাচার্যের দপ্তরে এ স্মারকলিপি জমা দেয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল আলম স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনে ছাত্রশিবিরের নেতা রাসেল আলমকে ডেকে নিয়ে কুপিয়ে পা বিচ্ছিন্ন ও গুলি করে ছাত্রলীগের ক্যাডাররা। শিবির এ ঘটনায় জড়িত ছাত্রলীগের অস্ত্রধারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।
ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকােণ্ড বিশ্ববিদ্যালয় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে দাবি করে স্মারকলিপিতে চার দফা দাবি জানানো হয়। অন্য দাবিগুলো হলো, ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, রাজনৈতিক কর্মকােণ্ডর ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ক্যাম্পাসে চাঁদাবাজি ও টেন্ডারবাজি বন্ধ করা।
উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘শিবিরের স্মারকলিপিটি হাতে পেয়েছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা, প্রক্টরসহ পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’