চার দফা দাবিতে এআই টেকনিশিয়ানদের কর্মবিরতি
স্থায়ী কর্মসংস্থানসহ চার দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতি বগুড়ার ধুনট উপজেলা শাখা অনির্দিষ্টকালের জন্য গতকাল মঙ্গলবার থেকে কর্মবিরতি শুরু করেছে। ধুনট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সকাল ১০টার দিকে এ ঘোষণা দেন সমিতির ধুনট উপজেলা শাখার সভাপতি আবদুল খালেক।
ওই সমিতির চার দফা দাবির মধ্যে রয়েছে প্রতিটি ইউনিয়নে এআই টেকনিশিয়ান পদ সৃষ্টির মাধ্যমে কর্মরতদের আত্তীকরণ, শূন্যপদে নিয়োগের ব্যবস্থা, কৃত্রিম প্রজনন নীতিমালা লঙ্ঘন করে স্বল্প দিনের প্রশিক্ষণ দেওয়া কর্মী প্রত্যাহার, নীতিনির্ধারক কমিটিতে সমিতির প্রতিনিধি অন্তর্ভুক্তকরণ ও একই ইউনিয়নে একাধিক এআই টেকনিশিয়ান নিয়োগ বন্ধ। এ ছাড়া ইউনিয়নে নিয়োগপ্রাপ্ত একাধিক টেকনেশিয়ানকে সরিয়ে অন্যত্র নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়েছে।
আবদুল খালেক লিখিত বক্তব্যে বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের ইউনিয়ন পর্যায়ে কর্মরত এআই টেকনিশিয়ানদের মূল কাজ কৃত্রিম উপায়ে প্রজনন করে গবাদি প্রাণীর জাত উন্নয়ন ঘটানো। এই জনবলই দেশের গোসম্পদের জাত উন্নয়নে প্রধান হাতিয়ার ও প্রাণিসম্পদ অধিদপ্তরের রাজস্ব আয়ের প্রধান উৎস। অথচ তাঁদের সরকারি বেতন না পেয়ে কাজ করতে হচ্ছে। তাই দাবিগুলো না মানা পর্যন্ত আজ (মঙ্গলবার) থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির ধুনট উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবদুস ছাত্তার, সাংগঠনিক সম্পাদক পার্থকুমার সেনসহ ১৩ জন সদস্য।
ধুনট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী বলেন, পশু কৃত্রিম প্রজনন টেকনিশিয়ানদের চুক্তিভিক্তিক নিয়োগ নেওয়া হয়েছে। তাঁদের সম্মানী ভাতা দেওয়া হয়। সরকারিভাবে বেতন দেওয়ার কোনো সুযোগ নিয়োগবিধিতে উল্লেখ নেই। এরপরও তাঁদের বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।