চার দফা দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সব বিভাগের শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার ক্লাস বর্জন করেছেন। শিক্ষার্থীদের দাবিগুলো হলো, ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষক ওবায়দুল হকের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৫০ লাখ টাকা দেওয়া, বাসের চালক ও যে চিকিৎসকের কাছে ওবায়দুল হককে নেওয়া হয়েছিল তাঁকে উপযুক্ত শাস্তি দেওয়া, চট্টগ্রাম-কাপ্তাই সড়ক চার লেনে উন্নীত করা এবং ছাত্রদের নিরাপদ পরিবহন-ব্যবস্থা নিশ্চিতকরণে বাসের সংখ্যা ও ট্রিপ বাড়ানো।প্রসঙ্গত, ২ অক্টোবর ঢাকায় সড়ক দুর্ঘটনায় চুয়েটের শিক্ষক ওবায়দুল হক মারা যান। শিক্ষার্থীরা তাঁর পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও বিশ্ববিদ্যালয়ের মারাত্মক পরিবহন সমস্যা নিরসনের দাবিতে সোচ্চার হন।চুয়েটের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস বলেন, নিহত শিক্ষকের জন্য ছাত্রদের দাবি যৌক্তিক। তিনি বলেন, ২-৩ সপ্তাহের মধ্যে নতুন একটি বাস আসবে। তখন যানবাহনের সমস্যাও অনেকাংশে কমে যাবে। ক্যাম্পাস সূত্র জানায়, সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কয়েকজন প্রতিনিধি গতকাল সকাল ১০টায় চার দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রশাসনের কাছে জমা দেন। এরপর শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দেন। কিন্তু প্রশাসনের হস্তক্ষেপে শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি বাতিল করেন। তবে ক্লাস বর্জন কর্মসূচি পালন করা হয়।