চার দফা দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুক্রবার রাঙামাটি জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৪৩ জন সহকারী ও তিনজন প্রধান শিক্ষকের শূন্যপদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এ নিয়োগপ্রক্রিয়াকে ঘিরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে দুর্নীতি ও দলীয়করণ শুরু হয়েছে বলে অভিযোগ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ। গতকাল বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগে দলীয়করণ, অনিয়ম ও দুর্নীতিমুক্ত এবং মেধাভিত্তিক নিয়োগপ্রক্রিয়া চালুসহ চার দফা দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জেলা প্রশাসন কার্যালয়ের সামনে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এতে অভিভাবকেরাও অংশ নেন। পাহাড়ি ছাত্র পরিষদের অন্য দাবিগুলো হলো: পার্বত্য চুক্তি মোতাবেক আদিবাসীসহ স্থায়ী অধিবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ প্রদান, নিয়োগ কমিটিতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা এবং শিক্ষা বোর্ডের নিয়ম অনুসারে নিয়োগ পরীক্ষার খাতা যথাযথভাবে তৈরি করা।জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ৪৩ জন সহকারী শিক্ষকের পদের বিপরীতে আবেদন জমা পড়েছে দুই হাজার ৯৪৫টি এবং তিনজন প্রধান শিক্ষকের পদে ২৬টি আবেদন। রাঙামাটি জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ, বদলি ও পদোন্নতি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে পরিচালিত হয়।সকাল সাড়ে ১০টা থেকে দেড় ঘণ্টা স্থায়ী মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় অর্থ সম্পাদক রিপেশ চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক তাপস চাকমা, অভিভাবক ও নারীনেত্রী নমিতা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি রননজয় চাকমা এবং সরকারি কলেজ শাখার সভাপতি রনো চাকমা।বক্তারা অভিযোগে জানান, শিক্ষক নিয়োগপ্রক্রিয়া ও লিখিত পরীক্ষা সামনে রেখে ইতিমধ্যে অনেক অনিয়ম ও দুর্নীতি শুরু হয়েছে। এর আগে প্রাথমিক শিক্ষকসহ অন্যান্য নিয়োগেও সীমাহীন দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণের কারণে প্রকৃত মেধাবী প্রার্থীরা বঞ্চিত হয়েছেন। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা দাবি করেন, ‘নিয়োগে অতীতেও কোনো দুর্নীতি হয়নি, এবারও হবে না। আর স্বজনপ্রীতি ও দলীয়করণ হবে কীভাবে, এখানো নিয়োগ পরীক্ষাও হয়নি।’