চার দফা দাবিতে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক-সংকট নিরসনসহ চার দফা দাবিতে নোয়াখালী মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা ক্লাস বর্জন করে দুই দিনব্যাপী আন্দোলনের কর্মসূচি শুরু করেছেন। প্রথম দিনে গতকাল শনিবার সকালে অস্থায়ী ক্যাম্পাসে তালা ঝুলিয়ে অবস্থান ধর্মঘট পালন করেছেন। সকাল সাড়ে নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থাপিত অস্থায়ী ক্যাম্পাসের প্রধান ফটকে ওই অবস্থান কর্মসূচি পালিত হয়। এরপর আন্দোলনরত শিক্ষার্থীরা তাঁদের দাবি-দাওয়াসংবলিত পোস্টার ও ব্যানার নিয়ে শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জেলা প্রশাসক ও সিভিল সার্জনের কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।চার দফার বাকি দাবিগুলো হলো, আবাসিক ব্যবস্থা নিশ্চিত করা, নিজস্ব একাডেমিক ভবন নির্মাণ ও ল্যাবরেটরির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ। ছাত্রছাত্রীরা জানান, ২০০৯ সালে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই কলেজে নানা সমস্যা বিরাজ করছে। অস্থায়ী ক্যাম্পাসে ক্লাস শুরু হলেও শিক্ষক, ল্যাবরেটরি, লাইব্রেরি কিছুই নেই। এমনকি দূরদূরান্ত থেকে আসা ছাত্রছাত্রীদের আবাসনেরও কোনো ব্যবস্থা নেই।অধ্যক্ষ মো. আবদুস সালাম জানান, দাবি-দাওয়াগুলোর বেশির ভাগই স্থানীয়ভাবে পূরণ করা সম্ভব নয়। তাই তাঁরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং আলোচনা করে ছাত্রছাত্রীদের আন্দোলন থেকে বিরত রাখার চেষ্টা করছেন।