চার দল দুর্নীতি করেও ১৮ টাকা কেজি দরে চাল খাইয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, চারদল দুর্নীতি করেও ১৮ টাকা কেজি দরে চাল খাইয়েছে। দেশের মানুষ তখন শান্তিতে ছিল। গতকাল বৃহস্পতিবার বিকেলে পুরানা পল্টনে দলের ঢাকা মহানগর কার্যালয়ে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘ধর্মহীন শিক্ষানীতি’ চাপিয়ে দেওয়ার প্রতিবাদ, ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল এবং জনদুর্ভোগ নিরসন ও দলের নেতাদের মুক্তির দাবিতে এ সমাবেশ ডাকা হয়। দলের সাংসদ ও মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির হামিদুর রহমান আযাদ এতে সভাপতিত্ব করেন।এ টি এম আজহার বলেন, ‘তারা (সরকার) কথা কথায় বলে চার দল দুর্নীতি করেছে। চার দল দুর্নীতি করেও ১৮ টাকায় চাল খাইয়েছিল, আর এখন সে চাল ৩৮ টাকায় বিক্রি হচ্ছে। দুর্নীতি না করলে এখন জিনিসের দাম বাড়ে কেন? কারণ, আপনাদের দুর্নীতি হচ্ছে ডিজিটাল কায়দায়। জনগণ অচিরেই ডিজিটাল দুর্নীতির কথাও জানবে ইনশাল্লাহ।’জোট সরকারের সময় আওয়ামী লীগের হরতালের উল্লেখ করে জনাব আজহার বলেন, ‘দুই হরতালেই কুপোকাত আর আমাদের সময় কত হরতাল, ভাঙচুর, অগ্নিসংযোগ করেছেন। কিন্তু আমরা দক্ষতার সঙ্গে তা মোকাবিলা করে দেশ পরিচালনা করেছি। অথচ হরতালের আগেই চালের কেজি ৩৮ টাকা হয়েছে, হরতাল হলে কত হবে?’জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল সরকারকে উদ্দেশ করে বলেন, ‘আপনারাই সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়াচ্ছেন। এই অযোগ্য, অদক্ষ লোক দিয়ে হরতাল নয়, সহযোগিতা করলেও আপনারা দেশ চালাতে পারবেন না।’ আজহার আরও বলেন, ‘আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি, দেশ আবার নব্বইয়ের গণ-অভ্যুত্থানের দিকে চলে যাচ্ছে। কিন্তু নব্বইয়ের গণ-অভ্যুত্থান ছিল প্রকাশ্য। এখন মানুষ ভেতরে ভেতরে ফুঁসছে, তারা কথা বলতে পারছে না। এর চেয়ে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে।’জাতীয় শিক্ষানীতিকে একদলীয় শিক্ষানীতি অভিহিত করে জামায়াত নেতা বলেন, ‘শিক্ষার নিম্নস্তরে ললিতকলা ও নাচগান বাধ্যতামূলক করে ধর্মীয় শিক্ষাকে বাদ দেবেন—এই শিক্ষানীতি দেশের জনগণ মানে না। এই সংস্কৃতি আমরা চালু করতে দেব না।’জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান, মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি নুরুল ইসলাম, জামায়াতের কর্মপরিষদের সদস্য আবদুল হালিম, রেদওয়ার উল্লাহ শাহেদী প্রমুখ সমাবেশে বক্তব্য দেন।