চার দলের চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ জানুয়ারিতে
ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে চারদলীয় জোটের রোডমার্চ আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। আর সেটা হবে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রথম পর্যায়ের শেষ রোডমার্চ।গত রোববার রাতে গুলশান কার্যালয়ে চট্টগ্রামের বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা করে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া আগামী জানুয়ারি মাসে রোডমার্চ করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। শুরুর দিকের সিদ্ধান্ত অনুযায়ী আজ মঙ্গলবার চট্টগ্রামের উদ্দেশে রোডমার্চ হওয়ার কথা ছিল। কিন্তু চট্টগ্রামের নেতাদের কারণে তা পিছিয়ে কোরবানির ঈদের পর করার সিদ্ধান্ত হয়। ২৫ ও ২৬ নভেম্বর এই রোডমার্চ করার সম্ভাব্য তারিখ নিয়েও আলোচনা হয়েছিল।চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, চেয়ারপারসন সবার সঙ্গে আলোচনা করেই আগামী বছরের জানুয়ারিতে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ কর্মসূচি পালনের কথা বলেছেন। তবে এখনো তারিখ নির্ধারিত হয়নি। তিনি বলেন, এর মধ্যে বিএনপির চেয়ারপারসন আরও কিছু কর্মসূচি পালন করছেন। চট্টগ্রামে ধারাবাহিক রোডমার্চের শেষেরটি অনুষ্ঠিত হবে।বিএনপি সূত্রে জানা গেছে, ঢাকা থেকে পাঁচটি বিভাগ অভিমুখে রোডমার্চের কর্মসূচি চূড়ান্ত করেছে বিএনপি। এর মধ্যে সিলেট ও রাজশাহী বিভাগ অভিমুখে রোডমার্চ শেষ হয়েছে। আগামী ২৭ অক্টোবর ময়মনসিংহে জনসভা করবেন খালেদা জিয়া। আর ঈদের পর খুলনা ও রংপুর অভিমুখে রোডমার্চ করার পরিকল্পনা আছে দলটির। সব শেষ রোডমার্চটি হবে চট্টগ্রামে। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে পারেন খালেদা জিয়া।চারদলীয় জোট বর্তমান সরকারের পতন ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে এই কর্মসূচি পালন করছে।