চার দলের রোডমার্চ কর্মসূচিতে পরিবর্তন
ঢাকা থেকে রাজশাহী বিভাগ অভিমুখে বিএনপির নেতৃত্বাধীন চার দলের রোডমার্চ কর্মসূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। ২০ অক্টোবর নাটোরে জনসভা করার কথা ছিল। সেটি বাতিল করা হয়েছে। ঢাকা-রাজশাহী রোডমার্চ আয়োজনে সমন্বয় কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেছেন, ২০ অক্টোবর ডিগ্রি পরীক্ষা শুরু হবে। পরীক্ষার্থীদের সমস্যা হতে পারে বিবেচনায় নাটোরের জনসভা বাতিল করা হয়েছে।একই কারণে ময়মনসিংহের জনসভা ২৫ অক্টোবরের পরিবর্তে ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে।বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে বলা হয়, রোডমার্চ শুরুর পূর্বনির্ধারিত সময় ও অন্যান্য কর্মসূচি অপরিবর্তিত আছে। ঢাকা থেকে ১৮ অক্টোবর রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রোডমার্চ শুরু হবে। এ সময় বিভিন্ন স্থানে পথসভা এবং বগুড়ায় চার দলের জনসভা হবে। রোডমার্চ ওই দিন বগুড়ায় অবস্থান করবে। পরদিন ১৯ অক্টোবর বগুড়া থেকে রোডমার্চ চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা হবে।