জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চার দশক পূর্তি হচ্ছে আজ ১২ জানুয়ারি। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজনা করা হয়েছে। আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির কেক কেটে চার দশক পূর্তি উৎসবের উদ্বোধন করবেন। এ সময় কোরাস গান ও ফানুস ওড়ানোর পাশাপাশি ১০ হাজার মোমবাতি প্রজ্বালন করা হবে। চার দশক পূর্তি উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা মুক্তমঞ্চে প্রয়াত নাট্যকার সেলিম আল দীন রচিত নাটক কেরামত মঙ্গল মঞ্চায়ন করবে। শুক্রবার সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রার উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ওই দিন বেলা ১১টায় মুক্তমঞ্চে রয়েছে আলোচনা, সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। এ ছাড়া একই স্থানে বেলা তিনটায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।