চার দশকে এ দেশের জনসংখ্যা আরও চার-পাঁচ কোটি বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবার পরিকল্পনা গণমাধ্যম পুরস্কার গ্রহণ করছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি  শিশির মোড়ল l ছবি: প্রথম আলো
পরিবার পরিকল্পনা গণমাধ্যম পুরস্কার গ্রহণ করছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়ল l ছবি: প্রথম আলো

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) এ দেশীয় প্রতিনিধি আর্জেন্টিনা মাটাভেল পিচ্চিন বলেছেন, বাংলদেশের জনসংখ্যা আরও চার দশক বাড়বে। এ সময়ের মধ্যে চার থেকে পাঁচ কোটি মানুষ বাড়বে। তারপর জনসংখ্যা স্থিতিশীল হবে।
গতকাল শুক্রবার বিশ্ব জনসংখ্যা দিবস ২০১৪ উপলক্ষেÿআয়োজিত অনুষ্ঠানে ইউএনএফপিএ প্রতিনিধি এ কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবার পরিকল্পনা অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
আর্জেন্টিনা মাটাভেল বলেন, চার দশক পরে বাংলাদেশের যে জনসংখ্যা দাঁড়াবে, তা উৎপাদনশীল হবে, নাকি বোঝা হবে, সেটাই বড় প্রশ্ন। তিনি বলেন, বাংলাদেশের জনসংখ্যার ৩০ শতাংশ যুব জনগোষ্ঠী। এদের বয়স ১৫ থেকে ২৯ বছরের মধ্যে। এটা বাংলাদেশের জন্য সুযোগ, যদি সঠিকভাবে কাজে লাগানো যায়।
জনসংখ্যা দিবসের এ বছরের প্রতিপাদ্য ‘তারুণ্যে বিনিয়োগ, আগামীর উন্নয়ন’। বাংলাদেশের জনসংখ্যা কর্মসূচির সাফল্যের বর্ণনা করে অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। পরিবার পরিকল্পনার মাঠপর্যায়ের কর্মীদের বেতনভাতা প্রয়োজনের তুলনায় কম বলে উল্লেখ করে তিনি বলেন, সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে, দেশের প্রতিটি মানুষকে সম্পদে পরিণত করতে হবে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, বাংলাদেশ সাফলভাবে মোট প্রজনন হার কমিয়েছে, জনসংখ্যা নিয়ন্ত্রণপদ্ধতির হার বাড়িয়েছে। দেশে শিশুমৃত্যু কমেছে। এসব সাফল্য আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। জনসংখ্যা খাতের সমস্যাগুলো চিহ্নিত করে তা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এম এম নিয়াজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শেষ পর্যায়ে সাংবাদিকদের গণমাধ্যম পুরস্কার ও পরিবারকল্যাণ অধিদপ্তরের শ্রেষ্ঠ কর্মীর পুরস্কার দেওয়া হয়।
এতে সংবাদপত্রের (বাংলা) ক্ষেত্রে প্রথম পুরস্কার পান প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়ল। এই শাখায় জনকণ্ঠ পত্রিকার নিখিল মানখিন, যুগান্তর-এর রিতা ভৌমিক ও দৈনিক পটুয়াখালীর সাইদুল সাইদ বিশেষ পুরস্কার পান। ইংরেিজ সংবাদপত্রের ক্ষেত্রে পুরস্কার পান ডেইলি সান-এর তারিক হোসেন শাহরিয়ার।
সম্প্রচার মাধ্যমে রিপোর্টিং ও অনুষ্ঠান প্রযোজনা শাখার সেরা পুরস্কার পান যথাক্রমে সময় টেলিভিশনের তাহসিমা সাদেক জেসি ও চ্যানেল আইয়ের ফারজানা ব্রাউনিয়া। রেডিও শাখায় বাংলাদেশ বেতারের মো. জলিলুল হক ও কমিউনিটি রেডিও ঝিনুকের পারভিন নাহারকে পুরস্কার দেওয়া হয়।
শ্রেষ্ঠ পরিবারকল্যাণ সহকারীর পুরস্কার পান গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের রহিমা খাতুন। নীলফামারী জেলার সদর উপজেলার হাসনা হেনা শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শিকার পুরস্কার পান। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের হাতে একটি করে স্মারক, সনদ ও নগদ অর্থ তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী।