চার দশকে জমানো টাকায় পোশাকশ্রমিকদের বেতন হোক

চার দশক ধরে অশিক্ষিত, অর্ধ-শিক্ষিত, হাবাগোবা থেকে শুরু করে সেকেন্ড বেঞ্চার, লাস্ট বেঞ্চারদের রক্ত পানি করা পরিশ্রমের ওপর প্রতিষ্ঠিত হয়েছে আজকের তৈরি পোশাকশিল্প। ২০১৮-১৯ অর্থবছরে মোট রপ্তানি আয়ের ৮৪.২১% অর্জিত হয়েছে পোশাক খাত থেকে। যার পরিমাণ ৩৪.১৩ বিলিয়ন মার্কিন ডলার (সূত্র: টেক্সটাইল টুডে, জুলাই ৮, ২০১৯)।
তৈরি পোশাকশিল্পের এই ক্রমবর্ধমান বিকাশের কারণে এখন মেধাবীরাও বিভিন্ন বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়ে এ খাতে ক্যারিয়ার গড়েছেন। যেখানে একসময় স্কুল–কলেজের শিক্ষার্থীরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ-ব্যারিস্টার ব্যতীত অন্য কোনো পেশা ভাবতে পারতেন না, সেখানে এখন একজন মেধাবী শিক্ষার্থীও গার্মেন্টস মার্চেন্ডাইজার, টেক্সটাইল ইঞ্জিনিয়ার কিংবা মান নিয়ন্ত্রণ কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখেন। আর এই স্বপ্ন দেখানের পেছনে মূল ভূমিকা রেখেছেন তৈরি পোশাকশিল্পের ৪২ লাখ শ্রমিকই।
পৃথিবীতে তলাবিহীন ঝুড়ি নামে পরিচিত একটি ভিক্ষুকের দেশকে এই পোশাক খাতই পৃথিবীর বুকে বর্তমানে মধ্যম আয়ের দেশে রূপান্তির করার ব্যাপারে বিশাল ভূমিকা রেখেছে এবং রেখে চলছে। যার ফলে ইউরোপ কিংবা আমেরিকার মতো দেশের মানুষ এখন কোনো পোশাক কেনার আগে দেখে নেন, এটি ‘মেড ইন বাংলাদেশ’ কি না। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, চার দশকেরও বেশি সময় ধরে সারা পৃথিবীতে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে থাকা একটি দেশের পোশাকশ্রমিকদের যদি মাত্র এক–দুই মাস বসিয়ে রেখে পূর্ণ বেতন দেওয়ার স্বক্ষমতা কিংবা মানবিকতাবোধ অর্জন না হয়, এর চেয়ে লজ্জা কিংবা হতাশা আর কী হতে পারে?
আমি জানি, সামান্য কিছু পোশাক কারখানার মালিক তাঁদের শ্রমিকদের বসিয়ে রেখেও পূর্ণ বেতন দিচ্ছেন। তাঁদের দেখেও কী অন্য প্রতিষ্ঠানগুলো শিক্ষা নিতে পারে না?
আরে ভাই, এই শ্রমিকেরাই তো পোশাকশিল্পকে এত দূর টেনে এনেছেন। তাঁদের কি আমরা চার দশকেও একটি কিংবা দুটি মাস ঘরে বসিয়ে বেতন দিতে পারি না?
আমি জানি, আমার এই কথার বিপরীতে অসংখ্য যুক্তি কিংবা তর্ক হতে পারে। একজন পোশাকশিল্প প্রতিষ্ঠানের মালিকের বিনিয়োগ ঝুঁকি কিংবা শ্রমিকের বেতন জোগান দিতে গিয়ে নানা সংগ্রামের কথা কেউ কেউ বলতে পারেন। কিন্তু আপনাদের মনে রাখতে হবে আমরা এখন কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি। আমরা বর্তমানে এমন একটি পরিস্থিতে দাঁড়িয়ে কথা বলছি, যখন সারা পৃথিবীর মানুষ একটি অর্থনৈতিক মন্দার শিকার। আর এই অর্থনৈতিক মন্দা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের এই শ্রমিকদেরই শরণাপন্ন হতে হবে। সংগত কারণেই এত বড় একটি শিল্পখাতের শ্রমিকদের সরকার কর্তৃক এক মাস সাধারণ ছুটির ছুতোয় তাঁদের মাসের সম্পূর্ণ বেতন না দেওয়ার কোনো কারণ থাকতে পারে না। একজন পোশাকশিল্প প্রতিষ্ঠানের মালিক হয়তো বলতে পারেন, ছুটি শুরু হওয়ার পর থেকে উৎপাদন বন্ধ থাকার কারণে তিনি লোকসানের শিকার হয়েছেন। কিন্তু প্রশ্ন হলে, সাধারণ ছুটি চলাকালীন এই এক মাস ব্যতীত আপনি তো সারা জীবনই কমবেশি মুনাফা করে এসেছেন এই শ্রমিকদের দিয়েই। আপনারা কি বিষয়টি এভাবে ভেবে দেখা উচিত ছিল না?
অনেকেই হয়তো বিজিএমইএর ভূমিকা নিয়ে কথা বলতে চাইবেন। আমিও চাই, তবে তাদের কথা অন্যদিন বলব।

কিন্তু সরকারের কী ন্যূনতম দায় নেই এই নিরীহ পোশাকশ্রমিকদের প্রতি? এটাই এখন আমার সবচেয়ে বড় প্রশ্ন। সরকারের উন্নয়ন অগ্রগতি তুলে ধরার জন্য আপনারা তো সভা–সেমিনারে পোশাক খাত থেকে প্রাপ্ত বৈদেশিক মুদ্রার স্লাইড শো দিয়ে বেড়ান। এই দুর্যোগকালে পোশাকশ্রমিকদের এক–দুই মাসের বেতনের জন্য কেন এত দেন–দরবার করতে হবে? গত ৪০ বছরেরও বেশি সময় ধরে তিলে তিলে এই নিরীহ শ্রমিকেরা দেশের অর্থনীতির যে শক্ত ভিত গড়ে দিয়েছেন, যার ওপর ভর করে এখন আপনারা দেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে বলা শুরু করেছেন, যাঁদের রক্ত-ঘামে অর্জিত বিদেশি মুদ্রা থেকে আপনারা সরকারি সব কর্মকর্তা–কর্মচারীকে সাধারণ ছুটির মধ্যেও নিয়মিত সম্পূর্ণ বেতন পরিশোধ করছেন, যাঁদের অর্জিত বিদেশি মুদ্রা থেকে সরকারি কর্মকর্তাদের সাধারণ ছুটির মধ্যেও বৈশাখী ভাতা থেকে শুরু করে ঈদের বোনাস পর্যন্ত পরিশোধ করছেন, যাঁদের অর্জিত বৈদেশিক মুদ্রা থেকে আপনি এই মহাদুর্যোগ মোকাবিলার জন্য ৭২ হাজার ৭৫০ কোটি খরচ করছেন, কোন যুক্তিতে তাঁদের এত সামান্য মজুরির ৬৫ শতাংশ বেতন দেওয়া হবে? শতভাগ নয় কেন?
পোশাকশিল্পের মালিকদের জন্য যদি ৫ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করার পরও ৬৫ শতাংশের বেশি বেতন দিতে না পারেন, তাহলে সাধারণ ছুটি চলাকালীন পোশাকশ্রমিকদের বেতনের অবশিষ্ট টাকা এবং আসন্ন ঈদ বোনাসের টাকা কোনো প্রকার কাটছাঁট না করে সরকারি তহবিল থেকে দিতে হবে। কারণ, সরকারি তহবিলে এই পোশাকশ্রমিকেরাই চার দশক ধরে যে পরিমাণ টাকা জমিয়ে আসছেন, তা আগামী কয়েক বছরও যদি তাঁদের বসিয়ে বসিয়ে বেতন দেওয়া হয়, শেষ হবে না।
সংগত কারণেই তাঁদের জমানো টাকা থেকেই এখন তাঁদের সম্পূর্ণ বেতন দিয়ে দিন। বিশ্বাস রাখুন, এই শ্রমিকেরাই আপনাকে এর চেয়ে বহুগুণ টাকা তাঁদের রক্ত পানি করা পরিশ্রমের মাধ্যমে কিছুদিনের মধ্যেই সুদে আসলে ফিরিয়ে দেবেন।