চার দিন অবরুদ্ধ শ্রীমঙ্গলের ছয়টি পানপুঞ্জির খাসিয়ারা
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভারত সীমান্তবর্তী নাহার কাইলিন, নাহার আসলাম, নাগফুলছড়া, চলিতাছড়া, লাংলিয়াছড়া ও নিরালা পানপুঞ্জির আদিবাসী খাসিয়ারা পাঁচ দিন ধরে অবরুদ্ধ রয়েছে। তারা বর্তমানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অভাবে মানবেতর জীবন যাপন করছে। এ ছাড়া পুঞ্জিগুলোতে উৎপাদিত মৌসুমি ফল ও শাকসবজি বাজারে নিয়ে বিক্রি করতে না পারায় এতে পচন ধরছে। ফলে পুঞ্জির বাসিন্দারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। ওই ছয়টি পুঞ্জিতে প্রায় আড়াই হাজার লোক বাস করে।গত মঙ্গলবার দুপুরে হরিণছড়া চা-বাগান এলাকায় অমল বাল্মীক দাস নামের এক চা-শ্রমিক খুন হন। ওই ঘটনায় নাহার কাইলিন পানপুঞ্জির দুই চৌকিদার জড়িত অভিযোগ এনে চা-শ্রমিকেরা মঙ্গলবার বিকেল থেকে পুঞ্জির খাসিয়াদের অবরুদ্ধ করে রেখেছেন। চা-শ্রমিকেরা হরিণছড়া চা-বাগান ও টিপরাছড়া চা-বাগানের ‘চেকপোস্ট’ দিয়ে ওই পুঞ্জিগুলোতে কোনো যানবাহন চলাচল করতে দিচ্ছেন না।গত শুক্রবার পুঞ্জিগুলোতে সরেজমিনে পরিদর্শনে যাওয়ার সময় হরিণছড়া চা-বাগানের চেকপোস্টে কাঙ্গাল নায়েক, পরেশ পত নায়েক, মানিক কর্মকারসহ কয়েকজন শ্রমিক এ প্রতিবেদককে বাধা দেন। এ সময় তাঁদের হাতে লাঠি, দাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। পরে তাঁদের বুঝিয়ে ওই পল্লিগুলোতে গিয়ে দেখা গেছে, অবরুদ্ধ থাকায় অনেক রোগী হাসপাতালে যেতে পারছে না। তাদের অনেকে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। এ ছাড়া পুঞ্জিতে কাঁঠাল, লেবুসহ বিভিন্ন ফল ও শাকসবজি বাজারে নিয়ে বিক্রি করতে না পারায় তাতে পচন ধরেছে।বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও চলিতাছড়া পানপুঞ্জির মন্ত্রী (প্রধান) জহিনুল কঙওয়াং বলেন, গত শুক্রবার তিনি ঢাকা থেকে ফিরেছেন। পুঞ্জিতে যেতে না পেরে তিনি শ্রীমঙ্গলের একটি হোটেলে উঠেছেন। পুঞ্জি থেকে তাঁর স্ত্রী ফোন করে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পাঠাতে বলেছেন, কিন্তু তিনি কিছু করতে পারছেন না। দুই দিন ধরে তাঁরা কাঁঠাল খেয়ে বেঁচে আছেন।নিরালা পানপুঞ্জির মন্ত্রীর ছেলে দিগন্ত পস্যুয়েট জানান, তাঁদের পুঞ্জিতে লোকসংখ্যা প্রায় এক হাজার ২০০। গত পাঁচ দিনে তাঁদের আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৪২ লাখ টাকা। তৃষ্ণা পামথেত নামের এক গৃহবধূ বলেন, তাঁর এক সন্তান অসুস্থ হয়ে পড়েছে। তাকে তিনি চিকিৎসকের কাছে নিয়ে যেতে পারছেন না।নাহার কাইলিন পুঞ্জির মন্ত্রী ফেরলি সুরংয়ের স্ত্রী স্মৃতি পস্যুয়েট (৩০) বলেন, ‘ওই খুনের ঘটনায় যাঁরা জড়িত বলে অভিযোগ করা হচ্ছে, তাঁরা আমাদের লোক নন। তাঁরা আমাদের পুঞ্জির বেতনভুক্ত চৌকিদার। তাঁরা কেউ খাসিয়া সম্প্রদায়ের লোক নন। তা ছাড়া আমাদের সীমানার বাইরে কোনো দুর্ঘটনা ঘটালে এর দায়িত্ব কি আমাদের?’ তিনি আরও বলেন, ‘পুঞ্জিতে এখন খাবার নেই, ওষুধ নেই, শান্তি নেই। আছে শুধু আতঙ্ক।’এ ব্যাপারে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের একাংশের সভাপতি মাখন লাল কর্মকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়েজ আহাম্মদ বলেন, অবরুদ্ধ রাখার বিষয়ে পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ছাড়া আজ রোববার দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসে বিষয়টির সমাধানের চেষ্টা করা হবে।