চার দিন ধরে আঁধারে ভোলা, চলছে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোলার ছয় উপজেলার গ্রাহকদের ভোগান্তি বেড়েই চলেছে। বিদ্যুতের অভাবে সরকারি-বেসরকারি কার্যালয় ও ব্যাংকে কার্যক্রম ব্যাহত হচ্ছে। অনেকে ভোগান্তি থেকে রক্ষা পেতে জেনারেটর কিনছেন।

বিদ্যুতের লাইন যথাসময়ে সংস্কার না করার অভিযোগে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ সংস্থার (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী মো. আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ গত সোমবার তাঁকে সাময়িক বরখাস্ত করেন।

ভোলা শহরের বাসিন্দারা বিদ্যুতের দাবিতে গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন। এ নিয়ে গত তিন দিন ধরে একই দাবিতে তাঁরা বিক্ষোভ করছেন।

গতকাল সরেজমিনে শহরের কালীনাথ রায়ের বাজার, সদর রোড, নতুন বাজারসহ বিভিন্ন স্থানে দেখা যায়, মানুষ মুঠোফোনের সেটে চার্জ দিতে জেনারেটরের লাইন আছে এমন দোকানে ভিড় করছেন। শহরের ওয়েস্টার্নপাড়া এলাকার ব্যবসায়ী আবদুর রব জানান, একটি মুঠোফোনের সেটে চার্জ দিতে ৩০ টাকা নেওয়া হচ্ছে।

সরেজমিনে জেলা প্রশাসক ও সদর উপজেলা পরিষদের বিভিন্ন কার্যালয়ে দেখা যায়, বিদ্যুৎ না থাকায় কার্যক্রম ব্যাহত হচ্ছে। মার্কেন্টাইল, উত্তরা, জনতাসহ বিভিন্ন ব্যাংকের অনলাইন কার্যক্রম বন্ধ আছে। ওয়ালটন, এলজি, সিঙ্গার, মাইটিভিসহ ইলেট্রনিকস সামগ্রী বিক্রির একাধিক শোরুমে খোঁজ নিয়ে জানা যায়, গত চার দিনে এসব দোকানে দুই শতাধিক জেনারেটর বিক্রি হয়েছে।

জেনারেটর ক্রেতা সলেমান জানান, পরিবারের শিশুদের কথা চিন্তা করে সামান্য কয়েক দিনের জন্য বেশি দাম দিয়ে জেনারেটর কিনতে হয়েছে। মার্কেন্টাইল ব্যাংকের গ্রাহক জাহিদুল ইসলাম জানান, বিদ্যুতের অভাবে তিনি ঢাকায় টাকা পাঠাতে পারছেন না।

 ভোলা নাগরিক কমিটির সদস্যসচিব এস এম বাহাউদ্দিন জানান, ভোলার বাকি ছয় উপজেলায় ভোলা-বরিশাল ও ভোলা-পটুয়াখালী ৩৩ কেভি লাইন এবং গ্যাসভিত্তিক রেন্টাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। কেবেল ত্রুটি দেখা দেওয়ায় ভোলা-বরিশাল ও ভোলা-পটুয়াখালীর লাইন দিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। গত শনিবার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি বিকল হয়ে যাওয়ায় ছয় উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ওজোপাডিকোর কর্মকর্তাদের অলসতার কারণে ভোলাবাসী ভোগান্তি পোহাচ্ছে।

সিভিল সার্জন ফরিদ আহমেদ বলেন, ভোলা সদর হাসপাতালের পানির সমস্যার সমাধান করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বাইরে থেকে পানি এনে হাসপাতালের ট্যাংকি ভরে দিয়েছেন। তবে অন্য হাসপাতালের সমস্যা দূর করার জন্য জেনারেটর ও জ্বালানি তেলের দরকার।

জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান জানান, বিদ্যুতের অভাবে দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। আজ (গতকাল মঙ্গলবার) রাতে বিদ্যুৎ সমস্যা দূর হতে পারে। সংস্কার কাজ করতে অলসতার দায়ে ওজোপাডিকোর ভোলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।