চার দিন ধরে ছাত্রাবাসছাড়া শতাধিক শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় চার দিন ধরে ছাত্রাবাসের বাইরে অবস্থান করছেন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শতাধিক শিক্ষার্থী। ফলে ক্লাস ও পরীক্ষা নিয়ে তাঁদের সমস্যায় পড়তে হয়েছে।
ভুক্তভোগী কয়েকজন ছাত্র অভিযোগ করেন, গত শনিবার রাতে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার জের ধরে তিনটি ব্যাচের (৬ষ্ঠ, ৭ম, ৮ম) ছাত্রদের রোববার সকাল আটটার পর থেকে ছাত্রাবাসে না থাকার জন্য হুমকি দেন ছাত্রলীগের কয়েকজন নেতা। এ জন্য ভয়ে ওই তিন ব্যাচের নিয়মিত ছাত্ররা ছাত্রাবাসের বাইরে চলে যান।
জানতে চাইলে ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক আ ম সেলিম রেজা প্রথম আলোকে বলেন, বর্তমানে যাঁরা ছাত্রাবাসের বাইরে অবস্থান করছেন, তাঁদের দ্রুত ফেরত আনার ব্যবস্থা নিতে কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।