পটুয়াখালী জেলা থেকে আসা দুটি সাবমেরিন কেবলে ত্রুটি দেখা দেওয়ায় গত মঙ্গলবার থেকে ভোলার দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহন ও চরফ্যাশন উপজেলায় কোনো বিদ্যুৎ নেই। সদর উপজেলায় বিদ্যুৎ থাকলেও ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন লোকজন।
নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাবে ভোলার ৯৫ হাজার গ্রাহক গরমে চরম ভোগান্তিতে পড়েছেন। পৌরসভাগুলোতে পানি সরবরাহ বন্ধ। চলছে না টেলিভিশন, ফ্রিজ, সেচযন্ত্র। বন্ধ রয়েছে কলকারখানা।
এদিকে ভোলার গ্যাসভিত্তিক সাড়ে ৩৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গত বছরের ১১ আগস্ট থেকে বিকল আছে। আজও ওই কেন্দ্র মেরামত করা হয়নি।
পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ বিতরণ বিভাগের (ওজোপাডিকো) ভোলার নির্বাহী প্রকৌশলী মোহামঞ্চদ আলী প্রথম আলোকে জানান, ভোলার ছয়টি উপজেলায় প্রায় ৩৪ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও বরিশাল ও পটুয়াখালী থেকে সাবমেরিন কেবলের মাধ্যমে ১৪-১৫ মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে ভোলার চাহিদা মেটানো হচ্ছিল। এর মধ্যে মঙ্গলবার রাতে পটুয়াখালী থেকে আসা সাবমেরিন কেব্ল পুড়ে যাওয়ায় ওই লাইন থেকে বিদ্যুৎ আসা বন্ধ আছে। ওই বিদ্যুৎ দিয়ে পাঁচ উপজেলার চাহিদা মেটানো হতো। বর্তমানে পটুয়াখালীর লাইনে সংস্কারকাজ চলছে। আশা করা যাচ্ছে দুই-তিন দিনের মধ্যে মেরামতের কাজ শেষ করা সম্ভব হবে।
প্রকৌশলী জানান, বরিশালের কেব্ল থেকে আসা সাত-আট মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে কোনোমতে সদর উপজেলা শহর ও আশপাশের ২৯ হাজার গ্রাহকের চাহিদা মেটাতে হচ্ছে।
লালমোহনের বাসিন্দা সাংবাদিক জসিম জনি বলেন, গত মঙ্গলবার দিবাগত রাত থেকে হঠাৎ করে বিদ্যুৎ লাইন বিকল হওয়ার পর মানুষ অসহ্য যন্ত্রণা ভোগ করছে। লাইনে পানি নেই। লোকজন টিভি দেখতে পারছে না। ফ্রিজের খাবার নষ্ট হচ্ছে। চৈত্রের দাবদাহে মানুষের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। উপজেলার মঙ্গল শিকদার এলাকার বোরো সেচের ব্যবস্থাপক নাসির উদ্দিন বলেন, বিদ্যুতের অভাবে খেতে সেচ দিতে পারছি না।
একই অভিযোগ করেন দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন ও চরফ্যাশন উপজেলার কয়েক শ গ্রাহক। বরফকল মালিক নাসির উদ্দিন বলেন, বিদ্যুৎ না থাকায় বরফ উৎপাদন করা সম্ভব হচ্ছে না।
জেলা স মিল মালিক সমিতির সভাপতি আসমত আলী হাওলাদার বলেন, লাগাতার ঘন ঘন লোডশেডিং ও বিদ্যুৎ না থাকায় স মিলসহ ছোটখাটো কলকারখানা বন্ধের উপক্রম হয়েছে। জেলা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক সোহরাব আলী বিশ্বাস বলেন, লোডশেডিং ও লো-ভোল্টেজের কারণে পাঁচটি উপজেলার ৬৫ হাজার গ্রাহক, কৃষি সেচ ব্যবস্থাপকেরা কয়েক মাস ধরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। গত মঙ্গলবার থেকে একদম বিদ্যুৎ না থাকায় সে ভোগান্তি আরও চরমে উঠেছে।