চার দিন ধরে পানির সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পানি সরবরাহের পাম্পটি নষ্ট হয়ে গেছে। বিকল্প হিসেবে অন্য একটি পাম্প দিয়ে পানি উত্তোলন করা হলেও চাহিদা অনুযায়ী সরবরাহ করা যাচ্ছে না। এ অবস্থায় দুর্ভোগে পড়েছেন রোগী ও তাঁদের স্বজনেরা। চার দিন থেকে এ অবস্থা চলছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত শুক্রবার থেকে হাসপাতালে ঠিকভাবে পানি সরবরাহ হচ্ছে না। বিদ্যুতের ভোল্টেজ ওঠানামার কারণে পানির পাম্পটি প্রায়ই নষ্ট হয়ে যায়। বিকল্প পাম্পের ক্ষেত্রেও একই সমস্যা। বিদ্যুতের ভোল্টেজ ওঠানামার কারণে পাম্প বন্ধ রাখতে হয়। এর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ এই কাজের দায়িত্বে নিয়োজিত গণপূর্ত বিভাগকে দায়ী করছে।
তবে গণপূর্ত বিভাগ জানায়, বিদ্যুতের কারণে পাম্প বন্ধ থাকলে ডিজেলের সাহায্যে পাম্প চালানোর কথা। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ দুই মাস ধরে ডিজেলের সাহায্যে পাম্প চালানো বন্ধ রেখেছে। পাম্পের তেলের খরচ হাসপাতাল কর্তৃপক্ষ বহন করে।
এক হাজার শয্যার হাসপাতালটিতে প্রতিদিন গড়ে দুই হাজার রোগী ভর্তি থাকেন। তাঁদের স্বজন মিলে এই সংখ্যা দাঁড়ায় চার থেকে সাড়ে চার হাজার। গতকাল সোমবার সকালে হাসপাতালে গিয়ে দেখা যায়, পানির সংকট চলছে। এক ঘণ্টা পানি থাকলে আধঘণ্টা থাকে না। আবার কখনো আধঘণ্টা থাকলে ১৫ মিনিট থাকে না।
হাসপাতালের চার নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন এক রোগীর স্বজন আলী হোসেন বলেন, পানি কম থাকায় তাঁদের পানি কিনতে হচ্ছে। আরেক স্বজন রহিম মিয়া বলেন, ‘প্রচণ্ড গরমে গোসল করবার পারছি না। বাথরুমোত পানি পাওয়া গেইলেও এই আছেতো এই নাই। পানির জন্য নিচোত নামিয়া টিউবওয়েল থেকে পানি নিতে হইতোছে।’
জানতে চাইলে হাসপাতালের পরিচালক আবদুল বাতেন বলেন, পানি সরবরাহের বিষয়টি দেখভাল করে গণপূর্ত বিভাগ। কিছু জানতে হলে তাদের সঙ্গে কথা বলতে হবে। এর বেশি কিছু বলতে তিনি অপারগতা প্রকাশ করেন।
গণপূর্ত বিভাগ রংপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বাহাদুর আলী জানান, হাসপাতালে পাঁচটি পানির পাম্প আছে। এর মধ্যে চারটি পাম্প কলেজ, ছাত্রাবাস ও কোয়ার্টারের জন্য। আর বাকিটি হাসপাতালের জন্য। তিনি বলেন, জরুরি ভিত্তিতে হাসপাতাল পরিচালকের কাছে ডিজেল চাওয়া হয়েছে মেশিন চালানোর জন্য। কিন্তু তাঁরা ডিজেল সরবরাহ করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। এ কারণেই পানির সংকট দেখা দিয়েছে।