চার দিন ধরে লঞ্চ চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাওড়াকান্দি-মাওয়া নৌ রুটে চার দিন ধরে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। রুট পারমিটবিহীন একটি লঞ্চ ভাঙচুর ও লঞ্চের দুই কর্মচারীকে মারধরের অভিযোগে গত বৃহস্পতিবার থেকে এই রুটে লঞ্চ চলাচল করছে না। এতে বিপাকে পড়েছেন দুই পারের হাজার হাজার যাত্রী।
গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, এই নৌ রুটে চলাচলকারী প্রায় ৮৫টি লঞ্চ উভয় পাড়ে নোঙর করে রাখা হয়েছে। এ সুযোগে অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রীদের নদী পার করছে স্পিডবোট ও ট্রলার। আবার অনেকে পদ্মা পাড়ি দিচ্ছেন ফেরিতে করে।
কাওড়াকান্দি ঘাট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কাওড়াকান্দি ঘাট থেকে প্রথম সিরিয়ালে এমভি শাহ পরান নামের একটি লঞ্চ মাওয়া ঘাটে যায়। মাওয়া ঘাটে গেলে ওপারের শ্রমিকেরা লঞ্চটি ভাঙচুর করেন এবং আটকে রাখেন। এ সময় ওই লঞ্চের সুকানি সাবাহান মিয়া (৩৫) ও মিস্ত্রি আলমকেও (৪২) মারধর করা হয়। এর প্রতিবাদে কাওড়াকান্দি ঘাটের মালিক ও শ্রমিকেরা ওই দিন দুপুর ১২টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেন।
ঘাট সূত্র জানায়, লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়ার প্রথম দিনে মাওয়া থেকে দু-একটি লঞ্চ কাওড়াকান্দি গেলেও যাত্রী নামিয়ে খালি যেতে বাধ্য হয়েছে। আর দ্বিতীয় দিনে মাওয়া থেকে সাতটি লঞ্চ যাত্রী নিয়ে যায়। কিন্তু সেগুলো কাওড়াকান্দি লঞ্চশ্রমিকেরা আটকে রাখেন। এরপর গত দুই দিনে উভয় পাড় থেকে আর কোনো লঞ্চ ছাড়েনি।
খুলনা, কুয়াকাটা, বরিশাল থেকে আসা কয়েকজন যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, মাত্র একটি লঞ্চের কারণে চার দিন ধরে সাধারণ যাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। মালিকদের রেষারেষিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
মাওয়া-কাওড়াকান্দি লঞ্চ মালিক সমিতি ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভাস্কর চৌধুরী বলেন, ‘আমরা প্রথম দিন থেকেই মাওয়া পাড় থেকে লঞ্চ চলাচলের চেষ্টা করি। কিন্তু আমাদের লঞ্চ কাওড়াকান্দি গেলে কর্মচারীদের মারধর ও লঞ্চ আটকে রাখা হয়। তাই এখন আর কোনো লঞ্চ ওই পাড়ে যায় না।’
যোগাযোগ করা হলে মাওয়া-কাওড়াকান্দি নৌ রুটের বন্দর কর্মকর্তা মহিউদ্দিন বলেন, দুই পারের মালিকদের নিয়ে শিগগিরই ব্যাপারটির সমাধানের চেষ্টা চলছে।