চার দিন নিখোঁজ থাকার পর চালকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী শহরের নন্দকানাই এলাকার জাহিদুল ইসলাম (২৩) নামে এক অটোবাইকচালক চার দিন নিখোঁজ থাকার পর গতকাল শনিবার বিকেলে শহরের হেতালিয়া বাঁধঘাট এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
গত বুধবার রাতে হেতালিয়া বাঁধঘাট এলাকা থেকে তাঁর ব্যাটারিচালিত অটোবাইকসহ জাহিদুল নিখোঁজ হন।
পুলিশ জানায়, নন্দকানাই এলাকার মৃত শাহ আলম হাওলাদারের ছেলে জাহিদুল নিজের অটোবাইক নিজেই চালাতেন। বুধবার রাত নয়টার দিকে শহরের হেতালিয়া বাঁধঘাট থেকে আটোবাইকসহ জাহিদুল নিখোঁজ হন।
জাহিদুল নিখোঁজ হওয়ার পরদিন বিকেলে পার্শ্ববর্তী পশুরবুনিয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি অটোবাইক দেখতে পেয়ে স্থানীয় লোকজন খবর দিলে স্বজনেরা গিয়ে অটোবাইকটি জাহিদুলের বলে শনাক্ত করেন। অটোবাইকের ব্যাটারি পাওয়া যায়নি। গতকাল বেলা তিনটার দিকে হেতালিয়া বাঁধঘাট এলাকার খালে লাশ দেখে লোকজন খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।