চট্টগ্রামে ভারতীয় শিক্ষার্থী মো. আতিফ শেখ খুনের ঘটনায় তাঁর আট সহপাঠীকে আসামি করে মামলা হয়েছে। ঘটনার চার দিন পর গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে নিহতের বাবা আবদুল খালেক শেখ বাদী হয়ে নগরের আকবর শাহ থানায় এই মামলা করেন। আট আসামির মধে৵ ছয়জন ভারতীয় নাগরিক। বাকি দুজন বাংলাদেশি। এদিকে খুনের কারণ সম্পর্কে পুলিশ এখনো কিছু জানতে পারেনি।
মামলার আসামিরা হলেন, মাইসনাম উইনসন সিং, গুরঙ্গ নিরাজ, জোসনা তম্বুরাম দেবি, প্রভাকর লাইশারাম, মালেনবাগ মাইনবাম, অথোপাম রোনাল্ড, প্রমেশ চাকমা ও সজল চাকমা। তাঁরা সবাই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) এমবিবিএস চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
পুলিশ সূত্র জানায়, সোমবার নিহত আতিফের পরিবারের সদস্যরা ভারত থেকে চট্টগ্রামে আসেন। এরপর মঙ্গলবার আতিফের বাবা বাদী হয়ে ইউএসটিসির আট শিক্ষার্থীকে আসামি করে থানায় মামলা করেন।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর গতকাল রাতে প্রথম আলোকে বলেন, মামলার বাদীর ধারণা মদের পার্টিতে আসা তাঁর ছেলের সহপাঠীরা পরিকল্পিতভাবে এ খুন করেছেন। তিনি এ কথা এজাহারে উল্লেখ করেছেন। আসামিদের নজরদারিতে রাখা হয়েছে। কাউকে এখনো গ্রেপ্তার করা হয়নি।
ওসি আলমগীর আরও বলেন, ঘটনার পর নিহতের সহপাঠী ও রুমমেট গুরঙ্গ নিরাজ পুলিশকে জানিয়েছেন, পার্টি শেষে একটি কক্ষের ভেতর মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন আতিফ শেখ। আর ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিলেন উইনসন সিং। তাঁর বক্তব্য কতটুকু সঠিক তা জানার জন্য হাসপাতালে চিকিৎসাধীন উইনসনের সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করা হচ্ছে। তাঁর বক্তব্য জানতে পারলে অনেক কিছু পরিষ্কার হবে।
নগরের আবদুল হামিদ সড়কের পাশে লেকভিউ সোসাইটির একটি আবাসিক ভবনের পঞ্চমতলার ফ্ল্যাটে গত শুক্রবার রাতে ছুরিকাঘাতে খুন করা হয় আতিফকে। একই ফ্ল্যাট থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উইনসনকে উদ্ধার করা হয়। দুজনই ইউএসটিসির এমবিবিএস চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিন কক্ষের ওই ফ্ল্যাটে আতিফের অপর দুই সহপাঠী এমবিবিএস চতুর্থ বর্ষের শিক্ষার্থী গুরঙ্গ নিরাজ ও এমবিবিএস তৃতীয় বর্ষের শিক্ষার্থী জোসনা তম্বুরাম থাকতেন। শুক্রবার রাতে তাঁদের পাঁচ বন্ধু ফ্ল্যাটে আড্ডা দিতে আসেন। রাত সাড়ে ১১টার দিকে তাঁরা চলে যাওয়ার পর খুনের ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। উইনসন নগরের মেহেদীবাগ এলাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। আঞ্জুমানে মফিদুল ইসলামের ফ্রিজারে রয়েছে নিহত আতিফ শেখের লাশ।