চার দিন পর নিখোঁজ যাত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার ত্রিমোহনী এলাকায় শীতলক্ষ্যা নদীতে ট্রলারডুবির চার দিন পর গতকাল মঙ্গলবার সকালে নিখোঁজ যাত্রী মজিদা বেগমের (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার কাওরাইদ গ্রামের সুরুজ মিয়ার স্ত্রী।
গত শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ত্রিমোহনীর নান্দিয়া সাঙ্গুন এলাকায় ব্রহ্মপুত্র ও শীতলক্ষ্যা নদীর মোহনায় দুটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গফরগাঁওয়ের পাতলাশী এলাকা থেকে বরমীগামী ট্রলারটি যাত্রী নিয়ে নদীতে ডুবে যায়। ঘটনার ঘণ্টাখানেক পর শীতলক্ষ্যা নদী থেকে ওই ট্রলারের যাত্রী ময়মনসিংহের পাগলা থানার সুতারপুর গ্রামের আবদুল খালেকের স্ত্রী আসমা বেগম (৩২) ও শ্রীপুরের কাওরাইদ গ্রামের আশরাফ উদ্দিন শেখের আট মাসের মেয়ে সাদিকুন্নাহারের লাশ উদ্ধার করা হয়। তবে শিশুটির নানি মজিদা নিখোঁজ থাকেন। অনেক তল্লাশি চালিয়েও তাঁর খোঁজ পাওয়া যায়নি।
এলাকাবাসী জানান, গতকাল সকালে মজিদার লাশ ঘটনাস্থলের আধা কিলোমিটারের মধ্যে ভেসে ওঠে। পরে শ্রীপুর থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।