ঝালকাঠির সুগন্ধা নদীতে স্টিমারের ধাক্কায় ট্রলারডুবির চার দিন পর নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ। গতকাল মঙ্গলবার দুর্ঘটনাস্থলের অদূরে দুজন এবং দুই কিলোমিটার দূরে বিষখালী নদীতে একজনের লাশ ভেসে ওঠে।
ওই তিনজন হলেন ঝালকাঠি সদর উপজেলার মহদীপুর গ্রামের আলম জমাদ্দার (৩৫), ইছালিয়া গ্রামের আবদুর রাজ্জাক মল্লিক (৩২) এবং হাজরাগাতী গ্রামের তসলিম হাওলাদার (৫০)। তাঁরা নির্মাণশ্রমিক ছিলেন।
পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার সকালে ঝালকাঠি সদর উপজেলায় সুগন্ধা নদীর গুরুধাম খালের মোহনা এলাকায় ট্রলারটিকে একটি স্টিমার ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। এ সময় তিনজন যাত্রী নদীতে ডুবে যান।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম ও রাজাপুর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস বলেন, গতকাল সকাল সাতটার দিকে স্থানীয় লোকজন ঝালকাঠি শহরের কলেজ খেয়াঘাট এলাকায় আলম জমাদ্দার ও আবদুর রাজ্জাক মল্লিকের এবং বিষখালীর মানকি সুন্দর চর এলাকায় তসলিম হাওলাদারের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে লাশগুলো উদ্ধার করা হয়।