চার দিন পর পাল্টা কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১০ বছর পর ছাত্রলীগ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শাখার কার্যকরী কমিটি ঘোষণা করা হয় গত ২৯ জুন। এর চার দিন পর গতকাল বৃহস্পতিবার পাল্টা কমিটি ঘোষণা করেছেন বিলুপ্ত ঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
গতকাল উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে নিজেদের বৈধ দাবি করে বিলুপ্ত ঘোষিত কমিটির সভাপতি সানোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক শাহেদুল আলম পাল্টা কমিটি ঘোষণা করেন।
গত ২৫ মে কমলগঞ্জে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রলীগের জেলা সভাপতি মো. জাকারিয়া কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণার পর ২৯ জুন সন্ধ্যায় হাবিবুর রহমান সোহেলকে সভাপতি ও রমজান আলীকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হলো।
গতকাল বেলা দুইটায় আয়োজিত সংবাদ সম্মেলনে শাহেদুল আলম লিখিত বক্তব্যে বলেন, ছাত্রলীগের জেলা কমিটির এক নেতার ঘোষণায় কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হতে পারে না। এমনকি জেলা ছাত্রলীগের ওই নেতার ঘোষণায় আবার নতুন কমিটি ঘোষিত হতে পারে না। এ ধরনের সিদ্ধান্ত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি জানে না। তাই তাদের কমিটি এখনো বহাল আছে। তারা যত দ্রুত সম্ভব কাউন্সিল করে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করে দেবে।
মো. জাকারিয়া বলেন, সানোয়ার হোসেন ও শাহেদুল আলমের নেতৃত্বে ২০০৪ সালে কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি গঠিত হয়েছিল। সে সময় একটি রাজনৈতিক প্রভাবে রীতিমতো মনগড়া কমিটি গঠন করা হয়েছিল। দীর্ঘ ১০ বছরেও সে কমিটি কোনো কাউন্সিল দিয়ে নতুন কমিটি গঠন করেনি। নানাভাবে ব্যবসার সঙ্গে নিয়োজিত থেকে ও বিবাহিত হয়ে ১০ বছর ধরে কমলগঞ্জ ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন তাঁরা। বিষয়টি ছাত্রলীগের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা মেনে নেননি। বিভক্তি সৃষ্টির জন্য বিলুপ্ত ঘোষিত কমিটির নেতারা এই সংবাদ সম্মেলন করে কাউন্সিলের কথা বলছেন, যা সম্পূর্ণরূপে অসাংগঠনিক।